প্রবাসী কল্যাণের ফ্ল্যাট প্রকল্প বাতিল হচ্ছে
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ফ্ল্যাট প্রকল্প বাতিল করা হচ্ছে।
বিদেশে অবস্থানরত কর্মীরা বরাদ্দ না নেয়ায় এই সিদ্ধান্ত হচ্ছে বলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন জানিয়েছেন।
তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিদেশে কর্মরত শ্রমিকদের টাকা দিয়ে তৈরি ফ্ল্যাট আমেরিকা ও ইউরোপের অনাবাসীদের দেয়া যায় না। কারণ এখানে অনাবাসীদের কোনো অংশগ্রহণ নেই।”
চলতি মাসের মধ্যেই এই প্রকল্প বন্ধ হচ্ছে বলে জানান মন্ত্রী।
কাজ নিয়ে বিদেশে যাওয়ার সময় প্রবাসী কল্যাণ ফান্ডে নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা দেন শ্রমিকরা। ওই অর্থে বারিধারায় একটি প্রকল্প গ্রহণ করা হয়।
কিন্তু বিদেশে থাকা শ্রমিকরা ফ্ল্যাট বরাদ্দ নেননি। তবে অনাবাসী বাংলাদেশিদের অনেকে ওই প্রকল্পে প্লট বরাদ্দ পান।
মন্ত্রী বলেন, “গরিবের টাকায় তৈরি ফ্ল্যাট ধনীদের বরাদ্দ না দেয়ার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে।”
প্রবাসী কল্যাণ সচিব জাফর আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০০৬ সালে প্রবাসী শ্রমিকদের জন্য একটি কিডনি হাসপাতাল করার জন্য উত্তর বারিধারায় প্রবাসী কল্যাণ মন্ত্রনালয় এ প্রকল্প হাতে নিয়েছিল।
কিন্তু পরবর্তীতে হাসপাতালের পরিবর্তে একটি আইটি ইউনিভার্সিটি করার পরিকল্পনা থাকলেও তা থেকে সরে এসে আবাসিক প্রকল্প করা হয়।
সচিব বলেন, এমাসেই প্রকল্প বাতিল করা হবে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফ্ল্যাট কেনার জন্য যারা টাকা জমা দিয়েছিলেন, তাদের টাকা ইতোমধ্যে ফেরত দেয়া শুরু হয়েছে, অবশিষ্টদের টাকাও দ্রুত ফেরত দেয়া হবে।
