২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝড়ের আভাস, বন্দরে সতর্কতা

উপকূলে কালবৈশাখী ঝড়ের আভাসে সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 02:53 PM

Updated : 25 Apr 2022, 06:36 PM

মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ১৬টি জেলায় ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

বৈশাখের তৃতীয় দিনে মঙ্গলবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হয়েছে। বজ্রপাতে কয়েকজনের মৃত্যুর খবরও পাওয়া গেছে।
 

আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও এর সংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিমা তীব্র কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত দেখাতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ খন্দকার হাফিজুর রহমান জানান, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলে পরবর্তী ১৫ ঘণ্টায় (বেলা ২ টা থেকে) কালবোশেখি বয়ে যেতে পারে।

এদিকে মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত বন্দরনগরীতে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, বেলা ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত নগরীতে ২৫ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পূর্বাভাস কর্মকর্তা নীলুফার জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কালবৈশাখীর কারণে এই বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পাশাপাশি ৪৮ নটিক্যাল মাইল বেগে বাতাসও বয়ে যায়।