১১ হজ এজেন্সির লাইসেন্স বাতিল
হজ যাত্রায় মানব পাচারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১১টি হজ এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার।
এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫টির বিরুদ্ধে ইমিগ্রেশন অ্যাক্ট এবং মানাবপাচার রোধ আইনে ফৌজদারি মামলা দায়ের করা হচ্ছে।
ধর্ম সচিব জানান, ২৯২টি এজেন্সির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ উঠার পর ধর্ম মন্ত্রণালয় তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল।
এসব এজেন্সির মধ্যে ১৪৪টিকে এক লাখ থেকে ১০ লাখ টাকা জরিমানা এবং ১৪০টিকে 'তিরস্কার' করা হয়।
ধর্মসচিব বলেন, এজেন্সিগুলোর মধ্যে পাঁচটির বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এগুলোর হজ লাইসেন্স বাতিল ও জামানত বাজেয়াপ্ত এবং দশ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এজেন্সিগুলো হল, এয়ার কক্স ইন্টারন্যাশনাল, সেন্ট্রাল ট্রাভেলস, এসবি আগা অ্যান্ড কোং, ট্রাভেল স্কাই কানেকশন এবং রব্বানী ওভারসিজ সার্ভিস।
ছয়টি প্রতিষ্ঠানের হজ লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। এগুলো হল, গালফ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, রাহাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ট্রাইটন ওভারসিজ লি., নিশান ওভারসিজ, মেসার্স মাসুদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস (১০ লাখ টাকা জরিমানা) এবং গোল্ড জয় ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। এর মধ্যে মাসুদ ট্রাভেলস অ্যান্ড ট্যুরসকে দশ লাখ টাকা জরিমানাও করা হয়েছে।
ধর্ম সচিব বলেন, “যে সব এজেন্সির শতকরা ৮০ ভাগ হজ যাত্রী ফিরে আসেনি তাদের লাইসেন্স বাতিল ও ‘ইমিগ্রেশন অ্যাক্ট ও মানব পাচার রোধ আইনের আওতায় ফৌজদারি মামলা’ করা হচ্ছে।”
যেসব এজেন্সির দশ থেকে ২০ শতাংশ লোক ফেরত আসেনি তাদের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানান সচিব।
ধর্মসচিব জানান, বিভিন্ন অনিয়মে পাঁচটি এজেন্সির লাইসেন্স স্থগিত করা হয়েছে এবং পাঁচ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এগুলো হল, বি এম এস ট্রাভেলস, রাব্বানী ওভারসিস, গ্রিন হিল ট্রাভেলস, স্বপ্নপুরী ইন্টারন্যাশনাল, আসিফ ট্যুরস এন্ড ট্রাভেলস।
এছাড়াও সাতটি এজেন্সিকে পাঁচ লাখ টাকা, ৩৫টি এজেন্সিকে তিন লাখ টাকা, ৫১টি এজেন্সিকে দুই লাখ টাকা এবং ৩৫টি এজেন্সিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
অন্যান্য অভিযোগের জন্য ১৪০টি প্রতিষ্ঠানকে ‘তিরস্কার’ করা হয়।
