'বিরোধী মতকে দমন করতেই মাহমুদুরকে গ্রেপ্তার'
সরকার বিরোধী মতকে দমন করতে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার।
আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদকের মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুরে এক মানববন্ধন কর্মসূচিতে এম কে আনোয়ার বলেন, "এই সরকার বিরোধী মতকে সহ্য করতে পারে না। তারা চ্যানেল ওয়ান বন্ধ করে দিয়েছে। আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আবারো বেআইনিভাবে গ্রেপ্তার করে পত্রিকার ছাপাখানা বন্ধ করে দিয়েছে। বিরোধী মতের সংবাদপত্রকে শাঁসানো হচ্ছে।"
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গত ১১ এপ্রিল গ্রেপ্তার করে পুলিশ। ওই দিনই পুলিশ পত্রিকাটির ছাপাখানায় তালা ঝুলিয়ে দেয়।
এম কে আনোয়ার বলেন, "একদিকে সরকার মাহমুদুর রহমানের মতো সম্পাদককে ভিন্ন মতের কারণে গ্রেপ্তার করছে। অন্যদিকে ইসলাম ও মহানবী (সা.) বিরুদ্ধে কটুক্তিকারী কতিপয় ব্লগারের পক্ষ নিয়েছে তারা। রাজীব নামক ওইরকম একজন ব্লগারের মৃত্যুর পর তাকে প্রধানমন্ত্রী নিজে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ বলে অভিহিত করেছেন।"
১৯৭২-৭৫ সালে গণমাধ্যমের ওপর সরকারের কালো আইন পাস ও একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার কথা তুলে ধরে এম কে আনোয়ার বলেন, "অতীতে ৪টি পত্রিকা রেখে সব পত্র-পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে ওই কালো আইন তুলে নিয়ে সংবাদপত্র ও বাক স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।"
জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের উদ্যোগে এই মানববন্ধনে তিনি বলেন, "টিআইবি-সিপিডিও বলেছে, দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না। সরকারকে বলব, এখনো সময় আছে, দেশকে ধ্বংসের পথে নিয়ে যাবেন না। আমরা দেশে শান্তি চাই। নির্দলীয় সরকারের দাবি মেনে নিয়ে গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা দেখান।’’
নির্দলীয় সরকারের দাবি প্রসঙ্গে বিএনপির এই সংসদ সদস্য এম কে আনোয়ার বলেন, "এই দাবি এখন গণদাবিতে পরিণত হয়েছে। জনগন নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চায়। কেবল প্রধানমন্ত্রীসহ কিছু লোকজন তা চাচ্ছে না। ক্ষমতাসীন দলেও অনেকে এই দাবির সঙ্গে আছেন।"
"আজ প্রতি ঘরে সরকারের একগুয়েমির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে উঠেছে। গ্রেপ্তার করে মিথ্যা মামলা দিয়ে কিংবা রিমান্ডে নিয়ে নির্দলীয় সরকারের চলমান আন্দোলনকে স্তব্ধ করা যাবে না," যোগ করেন তিনি।
শিক্ষক-কর্মচারি ঐক্যজোটের প্রধান অধ্যক্ষ সেলিম ভুঁইয়ার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য অধ্যাপক আ ফ ম ইউসুফ হায়দার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাবেক সভাপতি অধ্যাপক সদরুল আমিন, বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের সহ সভাপতি আমিরুল ইসলাম কাগজী, প্রকৌশলী রিয়াজুল ইসলাম রিজু, অধ্যাপক আলমগীর হোসেন, তোফাজ্জল হোসেন বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
এছাড়া জাতীয় প্রেস ক্লাবের সামনে সকালে লিবারেল ডেমোক্রেটিক পার্টির উদ্যোগে মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে আরেকটি মানববন্ধনে বক্তারা অবিলম্বে আমার দেশ পত্রিকা প্রকাশনার প্রতিবন্ধকতা তুলে নেয়ার দাবি জানান।
এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ. যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, কল্যাণ পার্টির সহসভাপতি শহিদুর রহমান তামান্না, জাতীয়তাবাদী তৃণমূল দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন ভুঁইয়া নান্টুসহ নেতৃবৃন্দ আমার দেশ সম্পাদকের মুক্তির দাবিতে বক্তব্য রাখেন।
