২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রা পাচার আইনের আওতায় আরো প্রতিষ্ঠান

মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ আইনের আওতায় নতুন কিছু প্রতিষ্ঠানকে ‘রিপোর্টিং এজেন্সি’ হিসেবে অন্তর্ভুক্ত করছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 07:29 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক বৈঠকে রিয়েল এস্টেট ও হাউজিং ব্যবসায়ী, মুল্যবান ধাতু (সোনা, রুপা, হীরা) ব্যবসায়ী, নোটারি পাবলিক, আইনজীবী ও একাউন্ট্যান্টদের নতুন ওই তালিকায় রাখা হচ্ছে।

সংশ্লিস্ট সূত্র জানায়, মানি লন্ডারিং আইন-২০১২ ও সন্ত্রাস প্রতিরোধ আইন-২০১২ অনুযায়ী এসব প্রতিষ্ঠান রিপোর্টিং এজেন্সি। কিন্তু এসব প্রতিষ্ঠানগুলো আবার বাংলাদেশ ব্যাংকের নিয়ন্ত্রণাধীন নয়। যে কারণে তাদের রিপোর্টিংয়ের কোন নীতিমালা নেই। এজন্য সম্প্রতি এই নীতিমালার উদ্যোগ নেওয়া হয়।

প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয় এই নীতিমালা প্রনয়নের কাজ করবে।

এ বিষয়ে বিএফআইইউর দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই সব প্রতিষ্ঠান মানি লন্ডারিং করছে, তা আমরা বলছি না। যেসব ব্যক্তি বা প্রতিষ্ঠান অর্থ পাচার ও সন্ত্রাসে অর্থায়নের সঙ্গে জড়িত, ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে এসব প্রতিষ্ঠানের যোগাযোগ হতে পারে।”

“সেক্ষেত্রে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে যোগাযোগ করলে তারা কীভাবে বিএফআইইউকে রিপোর্ট করবে আমরা তার একটা নীতিমালা করার কাজ করছি।”

বৈঠকে রিহ্যাব, জুয়েলারি অ্যাসোসিয়েশন, বার অ্যাসোসিয়েশন, জয়েন্ট স্টক এবং রেজিস্ট্রারের পরিদপ্তর, চার্টার একাউন্ট্যান্ট, অর্থ মন্ত্রনালয় ও বাণিজ্য মন্ত্রনালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টিলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) মহাব্যবস্থাপক দেবপ্রসাদ দেবনাথ বৈঠকে সভাপতিত্ব করেন।

বর্তমানে দেশের সব তফসিলি ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান, বীমা, এনজিও, সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশন এই আইনের আওতায় রিপোর্টিং এজেন্সি হিসেবে বিএফআইইউতে রিপোর্ট করছে।