জয়পুরহাটে নিখোঁজ জামায়াত নেতার সন্ধান দাবি
নিখোঁজ জেলা জামায়াত সেক্রেটারি নজরুল ইসলামের সন্ধান দাবিতে জয়পুরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৮ দলীয় জোট।
সোমবার বিকালে শহরের মুক্তমঞ্চ থেকে মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জিরো পয়েন্ট কেন্দ্রীয় মসজিদ চত্বরে সমাবেশ করেন তারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, সাদা পোশাকধারী বিশেষ বাহিনীর পরিচয় দিয়ে ১১ এপ্রিল রাত ১২টায় শহরের সাহেবপাড়ার নিজ বাড়ি থেকে নজরুল ইসলামকে অপহরণ করা হয়।
এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে তারা দাবি করছেন।
আগামী চার দিনের মধ্যে তার সন্ধান বা তাকে উদ্ধার করা না হলে জয়পুরহাটে হরতাল, অবরোধসহ লাগাতার কর্মসূচি দেওয়া হবে বলেও সমাবেশ থেকে ঘোষণা দেয়া হয়।
