২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন চেয়ে আবেদন মাহমুদুরের মায়ের

দৈনিক সংগ্রামের ছাপাখানায় বেআইনিভাবে দৈনিক আমার দেশ ছাপানোর অভিযোগে দায়ের করা মামলায় জামিন চেয়েছেন আমার দেশ পাবলিকেশন্সের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগম, যিনি পত্রিকাটির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 11:46 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী সালেহ উদ্দিন হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় জামিন আবেদনটি দায়ের করেন। এই মামলায় সংগ্রামের সম্পাদক ও প্রকাশক আবুল আসাদকেই আসামি করা হয়েছে।

পরে সালেহউদ্দিন সাংবাদিকদের বলেন, আমরা হাই কোর্টের সংশ্লিষ্ট শাখায় মামলাটি দায়ের করেছি। তবে এখনো কোন আদালতে শুনানির জন্য দেইনি। আশা করি আগামীকাল (মঙ্গলবার) দিবো।

রমনা মডেল থানার এএসআই মোশারফ হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (প্রকাশনা) নাসরীন সুলতানা সংগ্রামের ছাপাখানায় বেআইনিভাবে আমার দেশ মুদ্রণ এবং আমার দেশ প্রকাশ, প্রদর্শন ও বিক্রয় করার অপরাধে এ মামলা করেন।

তিনি জানান, এ মামলায় ১৯ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশনস (ডিক্লারেশন অ্যান্ড রেজিস্ট্রেশন) অ্যাক্ট ১৯৭৩ এর ৩২ ও ৩৩ ধারা অনুযায়ী এ মামলা হয় বলে তিনি জানান।

শনিবার রাতে জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের মগবাজারস্থ আল ফালাহ প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে 'আমার দেশের' ছয় হাজার কপি জব্দ করে পুলিশ। আটক করা হয় ছাপা সংশ্লিষ্ট ১৯ জন কর্মীকে।

এর আগে গত বৃহস্পতিবার আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের পর তেজগাঁওয়ে পত্রিকাটির ছাপাখানা সিলগালা করে দেয় পুলিশ।

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে বৃহস্পতিবার দৈনিক আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাকে তিনটি মামলায় ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশন অ্যাক্ট অনুযায়ী, একটি সংবাদপত্র কোনো ডিক্লারেশন পেলে তার জন্য ছাপাখানারও ডিক্লারেশন দেয়া হয়। ঘোষিত ছাপাখানার বাইরে অন্য কোথাও পত্রিকা ছাপাতে চাইলে জেলা ম্যাজিস্ট্রেটের অনুমতি নিতে হয়।

তবে দৈনিক আমার দেশ অন্য ছাপাখানা থেকে ছাপার ব্যাপারে কোনো অনুমতি নেয়নি বলে গণমাধ্যমে খবর এসেছে।

অবশ্য দৈনিক সংগ্রামের উৎপাদন ব্যবস্থাপক খায়রুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আমার দেশ কর্তৃপক্ষ ঢাকা জেলা ম্যাজিস্টেটের কাছ থেকে তাদের প্রেসে ছাপানোর অনুমোদন নেয়। সেজন্যই তারা তাদের প্রেসে পত্রিকাটি ছাপাচ্ছিলেন।