সাবেক প্রতিমন্ত্রী আনসার আলী মারা গেছেন
বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী আনসার আলী সিদ্দিকী মারা গেছেন।
বিএনপির সহ দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে মারা যান আনসার আলী। তার বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
সোমবার বিকালে উত্তরার দারুস সালাম মসজিদে জানাজা শেষে ৪ নম্বর সেক্টরের কবরস্থানে আনসার আলীকে দাফন করা হবে।
১৯৯১ সালের নির্বাচনে সিরাজগঞ্জ থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়ে খালেদা জিয়ার মন্ত্রিসভায় পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন আনসার আলী সিদ্দিকী।
তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ।
সিরাজগঞ্জের এই বিএনপি নেতার অবদানের কথা স্মরণ করে খালেদা জিয়া এক শোকবার্তায় বলেন, “তার মৃত্যুতে সিরাজগঞ্জ জেলা বিএনপি একজন সুদক্ষ, কর্মনিষ্ঠ ও শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে নিবেদিতপ্রাণ সংগঠককে হারাল।”
বিরোধী দলীয় নেতা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আনসার আলী মৃত্যুকালে দুই ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন।
