গোলাম আযমের পক্ষে যুক্তি উপস্থাপন শেষ
একাত্তরের যুদ্ধাপরাধের মামলায় জামায়াতের সাবেক আমির গোলাম আযমের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুক্তি উপস্থাপন শেষ হয়েছে।
গোলাম আযম
গোলাম আযমের পক্ষে সোমবার ট্রাইব্যুনালে যুক্তিতর্ক উপস্থাপন করেন ব্যারিস্টার ইমরান সিদ্দিকী ও ব্যারিস্টার আবদুর রাজ্জাক।
রাজ্জাক পরে সাংবাদিকদের বলেন, অভিযোগের পক্ষে প্রসিকিউশন কোনো তথ্য-প্রমাণ হাজির করতে পারেনি। ট্রাইব্যুনাল গোলাম আযমকে কোনোভাবেই শাস্তি দিতে পারে না।
এর আগে গোলাম আযমের পক্ষে মোট ১২ কার্যদিবস যুক্তিতর্ক উপস্থাপন করেন আসামিপক্ষের আইনজীবীরা। আর ট্রাইব্যুনালের প্রসিকিউটররা ১১ কার্যদিবসে তাদের যুক্তি তুলে ধরেন।
এ মামলায় প্রসিকিউশনের পক্ষে মোট ১৭ জনের সাক্ষ্যগ্রহণ হলেও আসামিপক্ষ মাত্র একজন সাফাই সাক্ষীকে হাজির করতে পেরেছে।
গোলাম আযমের পক্ষে সাক্ষ্য দিয়েছেন কেবল তার ছেলে সেনাবাহিনী থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী।
পাঁচ ধরনের মানবতাবিরোধী অপরাধের ৬১টি ঘটনায় গত বছরের ১৩ মে জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিচার শুরু করে ট্রাইব্যুনাল।
এর মধ্যে পাকিস্তানি বাহিনীর সঙ্গে পরিকল্পনা ও ষড়যন্ত্র, সহযোগিতা, উস্কানি ও হত্যাযজ্ঞে বাধা না দেওয়া এবং নির্যাতন চালানোর অভিযোগও রয়েছে।
বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী গোলাম আযম ১৯৭১ সালে শান্তি কমিটি, রাজাকার ও আলবদর বাহিনী গঠনে নেতৃত্ব দেন, যাদের সহযোগিতা নিয়ে পাকিস্তানি সেনারা বাংলাদেশে ব্যাপক হত্যা ও নির্যাতন চালায়।
১৯৭১ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান জামায়াতে ইসলামীর আমীর গোলাম আযম বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থান নেওয়ার জন্য মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও প্রকাশ্যে তদবির চালিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
১৯৭১ থেকে ৭ বছর লন্ডনে অবস্থান করার পর ১৯৭৮ এ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে আবার বাংলাদেশে আসেন এই জামায়াত নেতা। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে দলকে নেতৃত্ব দেন তিনি।
