শীতলক্ষ্যায় প্রদীপ জ্বেলে ত্বকী-দিদারুলকে স্মরণ
নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে প্রদীপ জ্বেলে নিহত মেধাবী স্কুলছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী ও নারায়ণগঞ্জের তরুণ নাট্যকার দিদারুল আলম চঞ্চলকে স্বরণ করেছে ‘ডাক দিয়ে যায়’ সংগঠন।
শনিবার সন্ধ্যায় সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ উপলক্ষে শীতলক্ষ্যার ৫ নম্বর ঘাটে প্রদীপ জ্বালানো হয়।
এ ঘাটের বিপরীত পাশে নদীর তীর থেকেই গত ৮ মার্চ সকালে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ।
এ উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানি শংকর রায় বলেন, শীতলক্ষ্যা নদী এক সময় ছিলো সুপেয় পানির জন্য বিখ্যাত । নদীর পানি পান এবং ঘর-গৃহস্থালীর কাজে ব্যবহৃত হতো। কিন্তু কালের আবর্তে শীতলক্ষ্যা নদীর পানি কল কারখানার বর্জ্যে দূষিত হয়ে গেছে। কিন্তু গত কয়েক মাস ধরে শীতলক্ষ্যা নদীতে ভেসে উঠে অনেক লাশ। যাদের মধ্যে তরুণ নাট্যকার দিদারুল আলম চঞ্চল ও তানভীর মুহাম্মদ ত্বকীর লাশ রয়েছে।
“তাই শীতলক্ষ্যা নদীকে কলঙ্কমুক্ত করতে আজ আমরা এই নদীতে আলোর শিখা জ্বেলে দিলাম। যাতে করে অন্ধকারে শীতলক্ষ্যা নদীতে আর কোন লাশ ভেসে না উঠে।”
‘ডাক দিয়ে যায়’ এর আহ্বায়ক অজয় চৌধুরীর সভাপতিত্বে আলোর শিখা প্রজ্জ্বলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু, সাধারণ সম্পাদক মনি সুপান্ত, খেলাঘর কেন্দ্রীয় কমিটির সম্পাদক জহিরুল ইসলাম জহির, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, কবি আরিফ বুলবুল, উচ্চারণ আবৃত্তির সমন্বয়ক ফাহমিদা আজাদ, গায়েন এর সাধারণ সম্পাদক আহম্মেদ বাবুল, ডাক দিয়ে যায় এর সাধারণ সম্পাদক নাজমুল শুভ, গণসংহতি আন্দোলন এর তরিকুল ইসলাম সুজন প্রমুখ।
সংগঠনের আহ্বায়ক অজয় চৌধুরী বলেন, “বুকটা ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে, যমদূতেরা এই বুঝি নিয়ে গেল আরেকটি প্রাণ। লক্ষ্যার জলে গুমরে মরে লাল স্বপ্নগুলো। আমাদের স্বপ্নগুলোর সুরতহাল হয় লাশ কাটা ঘরে।”
