বাজেটে মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ কমানোর সুপারিশ
নারীর প্রতি সহিংসতা বন্ধের লক্ষ্যে আগামী জাতীয় বাজেটে মাদ্রাসা শিক্ষায় বরাদ্দ কমিয়ে সাধারণ শিক্ষার বিস্তৃতি ঘটানোর সুপারিশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদ।
এছাড়া নারী শিক্ষায় বিদ্যমান প্রণোদনা বহাল রাখারও তাগিদ দিয়েছে তারা।
শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আসন্ন বাজেটে নারীর জন্য বরাদ্দ: নারী-পুরুষের বৈষম্য দূরীকরণের লক্ষ্যে বরাদ্দকৃত বাজেটের সঠিক ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতকরণ’ শীর্ষক আলোচনা সভায় এই সুপারিশ তুলে ধরা হয়।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক শরমিন্দ নিলোর্মি। এ সময় গত ৬ এপ্রিল মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে ‘নারী বিরোধী’ দাবির কথাও তুলে ধরেন তিনি।
কথিত নাস্তিক ব্লগারদের শাস্তি দেয়ার পাশাপাশি নারী উন্নয়ন নীতি ও শিক্ষানীতি বাতিল, নারী-পুরুষের প্রকাশ্যে বিচরণ এবং ভাস্কর্য স্থাপন বন্ধের দাবি রয়েছে হেফাজতে ইসলামের ঘোষিত ১৩ দফার মধ্যে।
তাদের ১৩ দফার চতুর্থ দাবিটি হচ্ছে- ‘ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যাভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্বালনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করা’।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, নারীর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে বাজেটে ব্যবস্থা থাকা দরকার। নারী-সংবেদনশীল অর্থনীতির জন্য নারীর ক্ষমতায়ন যথেষ্ট আছে কিনা? সে প্রশ্নটি গুরুত্বপূর্ণ।
“সহস্রাব্দের উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) মধ্যে সোজাসুজিভাবে জেন্ডারভিত্তিক বাজেটের কথা ছিলো না। উপধারণা হিসেবে ছিলো। আগামী দিনের লক্ষ্যমাত্রা যেটি তৈরী হবে সেখানে নারীদের জন্য আলাদা করে কিছু থাকবে কিনা সেই দাবি উঠেছে। এটা আমাদের বাজেটের জন্যও গুরুত্বপূর্ণ।”
মূল প্রবন্ধে অর্থনীতিবিদ আনু মুহাম্মদকে উদ্ধৃত করে বলা হয়, ‘গত ৩০ বছরে বাংলাদেশে প্রাইমারি স্কুলের সংখ্যা বেড়েছে ১৬০ শতাংশ, যেখানে মাদ্রাসা বেড়েছে ৭৬৭ শতাংশ। একইভাবে প্রাইমারি স্কুলে শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১৯৭ শতাংশ, যেখানে দাখিল মাদ্রাসায় শিক্ষার্থী বেড়েছে এক হাজার ২২৩ শতাংশ।’
শরমিন্দ নিলোর্মি বলেন, “মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা গ্রহণকারী ছেলে-মেয়েদের অধিকাংশই সমাজের অনগ্রসর, দরিদ্র পরিবারের সন্তান। এদের সুশিক্ষিত করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। আগামী বাজেটে শিক্ষাখাতে বরাদ্দের ক্ষেত্রে এ বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে।”
তিনি আরো বলেন, “সাধারণ শিক্ষা ও ধর্মীয় শিক্ষার সহাবস্থান কী মাত্রায় হবে তার রাজনৈতিক সিদ্ধান্ত বাজেটে প্রতিফলিত হতে হবে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক সেলিম রায়হান বলেন, হেফাজতে ইসলামের ১৩ দফা দাবিতে মানুষ আজ আতঙ্কিত। সরকার বলছে, মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন করা হয়েছে। আসলে সেটা কি হচ্ছে? ধর্মীয় উন্মাদনার বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।
আরো বক্তব্য রাখেন, ইউএন উইমেন এর প্রতিনিধি তপতী সাহা।
নারী সাংসদ ও ইউনিয়ন পরিষদে নির্বাচিত নারী সদস্যদের কাজ করার জন্য সুনির্দিষ্ট কর্মসূচির ভিত্তিতে বাজেটে বরাদ্দ রাখারও দাবি জানায় মহিলা পরিষদ। এছাড়া নারী কৃষি শ্রমিকদের সরকারি প্রণোদনায় অন্তর্ভূক্ত করারও সুপারিশ করা হয়।
নারী-পুরুষের মজুরি বৈষম্য দূর এবং এ বিষয়ে নীতিমালা প্রণয়ন ও মনিটরিংয়েরও তাগিদ দিয়েছে সংগঠনটি।
আলোচনায় সভায় সভাপতিত্ব করেন মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ড. ফওজিয়া মোসলেম।
