২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় পূর্ণাঙ্গ কার্যালয় স্থাপন করবে আইডিবি

বিশ্ব ব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকের মতো ইসলামী উন্নয়ন ব্যাংকও (আইডিবি) বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ কার্যালয় স্থাপন করতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2013, 04:40 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শনিবার জেদ্দায় সংস্থাটির প্রেসিডেন্ট আহমাদ মোহামেদ আলি আল-মাদানি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে এক বৈঠকে এ কথা জানান।

তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বমূলক সম্পর্কে তারা যথেষ্ট গুরুত্ব দিয়ে থাকেন। আর সে জন্য শিগগিরই নতুন কার্যালয় স্থাপনের মাধ্যমে একটি নতুন অধ্যায় শুরু করতে চান।

আইডিবি প্রেসিডেন্ট পররাষ্টমন্ত্রীকে ঢাকায় কার্যালয় স্থাপনে চুক্তির অগ্রগতির বিষয়ও তুলে ধরেন।

এ সময় আইডিবির প্রতিষ্ঠাকালীন সদস্য হিসেবে বাংলাদেশের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন আহমাদ মোহামেদ আলি আল-মাদানি। পাশাপাশি বাংলাদেশ সফরেরও ইচ্ছা প্রকাশ করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বাংলাদেশের পল্লী উন্নয়নে আইডিবির অংশগ্রহণ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

এছাড়া গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ছাত্রীদের জন্য একটি আবাসিক ভবন নির্মাণে প্রকল্প গ্রহণে আইডিবি প্রেসিডেন্টকে অনুরোধ করেন দীপু মনি।

বৈঠকে বিদ্যুৎ উৎপাদনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে মন্ত্রীকে আশ্বস্ত করেন আইডিবি প্রেসিডেন্ট।