পাহাড়ে ‘বৈসাবি’ উদযাপন
পার্বত্য চট্টগ্রামের পাহাড়ীদের প্রধান সামাজিক উৎসব ‘বৈসাবি’র দ্বিতীয় দিনে চাকমাদের মূলবিজু চলছে। পাঁচনের সুবাসে মৌ মৌ করছে চাকমা-ত্রিপুরা জনপদ।
হারিবৈসু উপলক্ষে গ্রামে গ্রামে ঘুরে বেড়াচ্ছে বিশেষ নাচের দল ‘গরয়া’। একেকটি দলে ৫০ থেকে ৬০ জনের নৃত্যশিল্পী পাহাড়ি জনপদে ঢোল আর বাঁশির সুরে ছড়িয়ে দিচ্ছে ঐতিহ্যদীপ্ত ঝংকার।
আবার কেউ কেউ পূণ্যার্জনের লক্ষ্যে পাড়ি জমান তীর্থস্থান ‘দেবতাপুকুর’-এ। ত্রিপুরাদের বিশ্বাস এই দিনে পাহাড়চূড়ায় অবস্থিত পুকুরে স্নান করে দেবতাকে পূজা করলে মনোবাসনা পূরণ হয়। এসময় ঘরে থাকা পরিবারের অন্যরা বুনোফুলের মালা দিয়ে ঘর সাজান পরিপাটি করে।
আর মারমা গ্রামে চলছে লুপ্তপ্রায় খেলাধূলা। রোববার থেকে শুরু হবে মারমাদের ‘সাংগ্রাই’ উৎসবের আনুষ্ঠানিকতা।
চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই আর ত্রিপুরাদের বৈসু মিলে এক কথায় ‘বৈসাবি’ উৎসব নামে তিন পার্বত্য জেলায় তা সমধিক পরিচিত। একই সময়ে সমমনা অন্যান্য জাতিগোষ্ঠীর আনুষ্ঠানিকতাও চলছে সমানতালে।
তবে ত্রিপুরাদের শৌর্য-বীর্য আর সমৃদ্ধির প্রতীকী নৃত্যই যেনো উৎসবে জাগিয়ে দিচ্ছে দুরগ্রাম থেকে শহরতলী।
সংস্কৃতিপ্রিয় মানুষের কাছে ‘গরয়া’র বিশেষ আকর্ষণ অফুরন্ত। তাই ত্রিপুরাদের পোশাকের উজ্জ্বলতা, নাচে-গানে মুখর গরয়া’র সংঘবদ্ধ নৃত্যশৈলীকে স্বাগত জানাচ্ছে ত্রিপুরারা। ঘরে ঘরে-বাড়ীর উঠোনে গরয়া দলের প্রধান অচাই (পুরোহিত)এর মন্ত্রপাঠের মাধ্যমে নতচিত্তে পূজা-অর্চণা চলছে। নাচ শেষে সামর্থ্য অনুযায়ী যে যাই দেন তা নিয়েই সন্তুষ্ট গরয়া শিল্পীরা।
বীরত্ব ভূষণ ত্রিপুরা (গরয়া দলের প্রধান বা অচাই), স্মরনণ ত্রিপুরা (গরয়া শিল্পী), অক্ষয়মণি ত্রিপুরা (গরয়া শিল্পী)প্রতিবছর এই উৎসবের সময় দলবেধে গ্রামে গ্রামে নেচে গেয়ে বেড়ান।
ত্রিপুরা সংস্কৃতি গবেষক মথুরা বিকাশ ত্রিপুরা জানান, গড়াইয়া নৃত্যের মাধ্যমে পুরানো বছরের গ্লানি, দু:খ বেদনা মুছে ফেলে নতুন বছরে পূর্ণ উদ্যমে কাজ করার আহবান জানানো হয়।
বৈসাবি মানেই রঙে-বর্ণে বৈচিত্র্যময় এক সাংস্কৃতিক উৎসব। বিজু-সাংগ্রাই-বৈসু, যে নামেই ডাকা হোক না কেন, এই উৎসব যেন পাহাড়িদের প্রেরণা-পাহাড়ের জাগরণ। বংশ পরম্পরায় পালিত এই উৎসবের সাথে আধুনিকতার ছোঁয়া আর বাংলা’র মিশেলে বৈসাবি হয়ে উঠেছে সর্বজনীন এক পাহাড়ি উৎসব।
এদিকে বান্দরবান প্রতিনিধি জানান, বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে পাহাড়িদের ৫দিন ব্যাপি সাংগ্রাইং (বৈসাবি)বর্ষবরণ উৎসব শুরু হয়েছে বান্দরবানে। মারমা নৃগোষ্ঠীর ১৩৭৪ সাকক্রয়(সাল)কে বিদায় দিয়ে ১৩৭৫ সাকক্রয়কে স্বাগত জানানোই এই সাংগ্রাইং উৎসব।
এবার উৎসবের প্রতিপাদ্য হলো- ‘সাবলীল ভবিষ্যৎ রচনায়, বরণীয় শাশ্বত সাংগ্রাইং’।
শনিবার সকাল সাড়ে ৮টায় বান্দরবান পূরাতন রাজার মাঠ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয় একই স্থানে। র্যালিতে অংশ নেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান (প্রতিমন্ত্রী)বীর বাহাদুর এমপি, বোমাং সার্কেলের ১৭তম রাজা বোমাংগ্রী উচপ্রু ইঞ্জিনিয়ার, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার কামরুল আহসানসহ ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর ব্যানারে নিজ-নিজ পোষাক পরিহিত কয়েকশ’ পাহাড়ি তরুণ-তরুণী এবং বিভিন্ন বয়সী মানুষ।
উৎসব উদযাপিত হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ(টিআইবি)এর আর্থিক সহায়তায়।
র্যালির পর বয়স্ক পূজা, চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
১৫ এপ্রিল দুপুরে মৈত্রী পানি বর্ষণ উৎসব আর মারমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।
১৬ এপ্রিল পুনরায় মৈত্রী পানি বর্ষণ। সমাপনী দিবস ১৯ এপ্রিলে আলোচনা সভা, ধর্মদেশনা শ্রবণ, মারমা জাতীয়তা, ভাষা, ধর্ম ও সাংস্কৃতিক কর্মকান্ড নিয়ে আলোচনা সভার মধ্য দিয়ে উৎসব সমাপ্ত হবে।
