ছাত্রী ধর্ষণের অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে জুতা মিছিল
নাটোরে সিংড়া উপজেলার শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে এক ছাত্রীকে ‘ধর্ষণের’ অভিযোগে শনিবার ছাত্র-জনতা জুতা মিছিল ও ক্লাস বর্জন করেছে।
সিংড়া থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকালে সিংড়া উপজেলার শেরকোল সমজান আলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সঞ্জিব কুমারকে অপসারণের দাবিতে ক্লাস বর্জন করে। পরে স্থানীয় লোকজন ও শিক্ষার্থীরা শেরকোল বাজারে জুতা মিছিল করে।
তারা এই শিক্ষকের কুশপুত্তলিকাও দাহ করে।
বিক্ষোভকারীদের অভিযোগ, শিক্ষক সঞ্জিব কুমার গত বৃহস্পতিবার অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর নামে নিজ বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করেন। ওই সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে মারধর করে ও ঘরে আটকে রাখে। পরে সন্ধ্যায় স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ প্রভাবশালী ব্যক্তিরা বিষয়টি ধামা চাপা দেওয়ার জন্য বিচারের ‘আশ্বাস’ দিয়ে ওই শিক্ষককে ছেড়ে দেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, “আমি সরকারি কাজে দেশের বাইরে যাচ্ছি। ফিরে এসে এর যথাযথ ব্যবস্থা নেব।”
ধর্ষণের অভিযোগের কী বিচার করবেন জানতে চাইলে তিনি অবশ্য কোন মন্তব্য করেননি।
উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান খান জানান, এবিষয়ে কোন অভিযোগ তিনি পাননি। মৌখিকভাবে বিষয়টি জেনেছেন। তদন্ত করে দোষী শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন।
শিক্ষক সঞ্জিব কুমারের বিচার দাবি করে স্কুলের শিক্ষার্থী রিতু, বর্ণা ও হ্যাপী অভিযোগ করে, তার বিরুদ্ধে এর আগেও এ ধরনের অভিযোগ উঠেছিল। কিন্তু প্রভাবশালীরা তাকে রেহাই দেয়। এবারও একই ‘তৎপরতা’ শুরু হয়েছে।
