শেরপুরে বর্ষবরণের ব্যাপক প্রস্তুতি
শেরপুরে বাংলা নববর্ষকে বরণের প্রস্তুতি পুরোদমে চলছে। জেলার সর্বত্র বিরাজ করছে উৎসবের আমেজ।
বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখের আর মাত্র একদিন বাকি।
জেলা প্রশাসন ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক ও শিশু-কিশোর সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী প্রতিষ্ঠানের পক্ষ থেকে নেয়া হয়েছে বর্ষবরণের নানা বণার্ঢ্য কর্মসূচি।
পহেলা বৈশাখ উপলক্ষে শেরপুর ও অপর কয়েকটি জেলায় বৈশাখী মেলা বসছে এবারো। এসব মেলায় মাটির তৈরি বাহারী খেলনাসহ বিভিন্ন তৈজষপত্র বিক্রির জন্য সদর উপজেলার বয়ড়া পরানপুর পাল পাড়ার পাল সম্প্রদায়ের লোকজন দিন-রাত কাজ করে যাচ্ছেন।
পালপাড়ার মৃৎশিল্পী প্রণতী পাল, প্রদীপ পাল, ধীরেন পাল ও কৃষ্ণ পাল জানান, বৈশাখী মেলার বাজার ধরতে তাদের তৈরি বিভিন্ন ধরণের খেলনা, ফুলদানীসহ ব্যবহার্য বিভিন্ন তৈজষপত্র শুকানো এবং রং করার কাজ তারা শেষ করেছেন।
তারা আরো জানালেন, তাদের তৈরি খেলনাসহ অন্যান্য সামগ্রী ছাড়া মেলাই জমে না। মুনাফা একটু কম হলেও পূর্ব পুরুষের পেশা ধরে রাখতেই প্রতি বছর এসব পণ্য তারা তৈরি করেন।
শেরপুর পাতাবাহার খেলাঘর আসরের সংগীত ও চারুকলা একাডেমীর অধ্যক্ষ মোঃ আলিমূল ইসলাম জানান, শিশু-কিশোর সংগঠন পাতাবাহার খেলাঘর আসরসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা এখন মহড়ায় কাটাচ্ছেন ব্যস্ত সময়।
মুন্সি বাজারের কাপড় ব্যবসায়ী আশীষ দেব বলেন, পহেলা বৈশাখকে সামনে রেখে শহরের অভিজাত ব্যবসায়ী থেকে শুরু করে ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা রং-বেরংয়ের পোষাকসহ বাহারী পণ্য-সামগ্রীর পসরা সাজিয়ে বসেছেন। বেচাকেনার ইতিমধ্যেই শুরু হয়েছে।
ব্যবসায়ীরা পহেলা বৈশাখে হালখাতার জন্যও প্রস্তুতি নিচ্ছেন।
শহরের চাপাতলী মহল্লার সাজ ব্যবসায়ী মুন্না মিয়া জানান, সাজ, বাতাসা, খুরমা, ঝুড়ি, কালাই, উরফা, গজা, মুড়ি,-মুড়কিসহ গ্রামবাংলার বিভিন্ন মুখরোচক খাবার তৈরির কারিগরাও মহা ব্যস্ত এখন।
পহেলা বৈশাখকে বরণ করতে ওই দিন শহরে বের করা হবে জমকালো র্যালি, প্রভাত ফৈরি, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শহর জুড়ে বসবে পান্তা ইলিশের স্টল, বসবে বৈশাখী মেলা।
পহেলা বৈশাখে শেরপুর শহর ছাড়াও প্রত্যন্ত গ্রামও হয়ে উঠবে উৎসব মুখর।
এদিকে চৈত্র সংক্রান্তিতে চড়ক পূজা অনুষ্ঠানেরও প্রস্তুতি চলছে। শহর ও গ্রামে-গঞ্জে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে চলছে শিব-পার্বতীর গাজনের নাচের মাধ্যমে মাগন তোলার কাজ।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ঘাঘড়া গ্রামের হিন্দু সম্প্রদায়ের সন্টু চ্ন্দ্র দাস শিব এবং বিকাশ চন্দ্র দাস পার্বতী সেজে তার অপর সহযোগী রতন চন্দ্র দাস, নির্মল চন্দ্র দাস ও বাদল চন্দ্র দাসকে নিয়ে ঢাকের বাদনের সেই চিরচেনা শব্দের সাথে গাজনের নাচ নেচে মাগন তুলতে আসেন শেরপুরে শহরের হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে।
ধর্ম বর্ণ নির্বিশেষে এক কালের সাড়া জাগানো সেই নাচ দেখে অনেকেই মুগ্ধ।
চৈত্র সংক্রান্তিকে সামনে রেখে দুই সপ্তাহ আগে থেকে শিব-পার্বতীর গাজনের নাচের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের ভক্তদের কাছ থেকে মাগন তোলা হয় চড়ক ও হর গৌরি পূজার জন্য।
মাগন তুলতে আসা শিব ভক্তরা জানান, পূর্ব পুরুষের ধর্মীয় ঐতিহ্য ধরে রাখতেই তারা এ বছর চড়ক ও হর গৌরি পূজার দুই সপ্তাহ আগে থেকে ভক্তদের বাড়ি বাড়ি যাচ্ছেন।
ভক্ত ও পূণ্যার্থীরা তাদের মনোবাসনা পূরণের জন্য এবং নিজের সংসার ও দেশ-জাতির মঙ্গল কামনা করে হাসি মুখে যা দেন তা দিয়েই ওই পূজা সম্পন্ন করা হবে।
