চট্টগ্রামে পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত
চট্টগ্রাম নগরীর খুলশীতে পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।
খুলশী থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুল হক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে আবু বক্কর ও তার স্ত্রী রিকশায় খুলশী থানার দুই নম্বর গেট এলাকা দিয়ে যাওয়ার সময় মালবাহী একটি পিকআপ ভ্যান রিকশাটিকে ধাক্কা দেয়।
এতে মারাত্মক আহত হয়ে ঘটনাস্থলে রুহিমার মৃত্যু হয়। পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আবু বক্করও মারা যান বলে তিনি জানান।
এ দুর্ঘটনায় আহত রিকশাচালক মো.মিরাজ (২২) চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল আমিনুল ইসলাম জানিয়েছেন।
পিকআপ ভ্যানসহ চালককে আটক করা হয়েছে বলে এসআই জানান।
