২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ইটভাটার কোটি টাকা জরিমানা

কর্ণফুলী নদীর তীরে ইটভাটা স্থাপন করে পরিবেশ দূষণ, নাব্যতা বিঘ্ন ও জীববৈচিত্র ধ্বংসের দায়ে একটি ইটভাটাকে এক কোটি টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 02:47 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

বৃহস্পতিবার ঢাকায় পরিবেশ অধিদপ্তরের সদরদপ্তরে এক শুনানি শেষে ‘প্যাসিফিক মেরিন সার্ভিস অটো ব্রিকস’ নামে ওই প্রতিষ্ঠানটিকে জরিমানা করে।

অধিদপ্তরের সহকারী পরিচালক মুহম্মদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অধিদপ্তরের পরিচালক (অ্যানফোর্সমেন্ট) মো. আলমগীর এই জরিমানা করেছেন।

পাশাপাশি ইটপোড়ানো নিয়ন্ত্রণ (সংশোধন) আইন ২০০১ অনুযায়ী সিটি কর্পোরেশনের তিন কিলোমিটার এলাকার মধ্যে স্থাপিত ইটভাটাটির উৎপাদন কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশ দেয়া হয়েছে।

মালয়েশিয়ান মেরিটাইম এবং ড্রেজিং কনসালটেশন কোম্পানি ‘ক্যাপিটাল ড্রেজিং ও ব্যাংক প্রটেকশন’ প্রকল্পের অধীনে কর্ণফুলী খনন কাজ করছে। প্রতিষ্ঠানটির স্থানীয় এজেন্ট আবু সালেহ মো. জাফর প্যাসিফিক সার্ভিস অটো মেরিন নামে ইট ভাটাটি স্থাপন করেন। খনন কাজ থেকে উত্তোলিত মাটি দিয়ে এখানে ইট তৈরি করা হয়।