‘আমাদের পরীক্ষা দিতে দিন’
পরীক্ষা চলাকালে হরতাল না দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন রংপুরের শত শত উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী।
বৃহস্পতিবার বিকেলে নগরীতে পরীক্ষার্থীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করে রাজনৈতিক দলগুলোর প্রতি এ আহ্বান জানান।
পরে কাচারি বাজারে এক সমাবেশে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম সজল, তুরাস হক পিয়াল, সৈয়দ আরফানুল হক, তাসলিমা বেগম, মাহমুদুল হাসান, রওনক তিথী, ভাগ্যলতা মোদক, আব্দুল আলীম প্রমুখ।
কারমাইকেল কলেজের পরীক্ষার্থী আরিফুল ইসলাম সজল বলেন, “আমাদের পরীক্ষা দিতে দিন, পরীক্ষা চলাকালে হরতাল চাই না।
আরেক শিক্ষার্থী তুরাস হক পিয়াল বলেন, “হরতাল করার রাজনৈতিক দলগুলোর যেমন গণতান্ত্রিক অধিকার, তেমনি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা দেয়াও শিক্ষার্থীদের অধিকার। হরতাল দিয়ে সে অধিকার খর্ব করার সংস্কৃতি বর্জন করা উচিত।
সরকারি বেগম রোকেয়া কলেজের পরীক্ষার্থী ভাগ্যলতা মোদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমাদের এখন বই খাতা নিয়ে ব্যস্ত থাকার কথা। সেখানে রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে।
পরীক্ষার মধ্যে হরতাল না দেয়ার জন্য এর আগেও রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
