২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে মাঠে নামতে পারেনি শিবির

আইন শৃংখলা বাহিনীর কঠোর অবস্থানের কারণে রাজশাহী মহানগরীতে হরতালের সমর্থনে রাস্তায় নামতে পারেনি ইসলামী ছাত্র শিবির।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 06:41 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

সকাল থেকে নগরীতে বিপুল সংখ্যক পুলিশ ছাড়াও র‌্যাব ও বিজিবি সদস্যরা টহল দেয়।

এ সময় নগরীর হেতেমখাঁ এলাকা থেকে শিবিরকর্মী সন্দেহে ১৪ জনকে আটক করে পুলিশ। আটককৃতরা রাস্তার পাশের একটি ফাঁকা জায়গায় ক্রিকেট খেলছিল।

মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, এর আগে ক্রিকেট খেলার ভান করে জড়ো হয়ে শিবিরকর্মীরা সড়ক অবরোধ করে এবং গাড়ি ভাংচুর করে পালিয়ে যায়।

তাই সকালে ক্রিকেট খেলার সময় শিবির সন্দেহে ১৪ জনকে আটক করা হয়। এ সময় আরো কয়েকজন পালিয়ে যায় বলে তিনি জানান।

ওসি জানান, শিবিরকর্মীরা কলাগাছ ফেলে খড়খড়ি বাইপাস সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে।

এছাড়া শিবিরকর্মীরা বিনোদপুর দেবিশিং পাড়ায় রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করার চেষ্টা করলে শটগানের গুলি ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়।

সকাল-সন্ধ্যা হরতালে নগরীতে ভারি যান চলাচল না করলেও রিকশা,অটোরিকশাসহ হালকা যান চলছে।

গ্রেপ্তার কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হুসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে ও মুক্তির দাবিতে সারা দেশে সকাল সন্ধ্যার এ হরতাল ডাকে ছাত্রশিবির।