সাংবাদিক নির্যাতন বন্ধ না হলে পুলিশকে অবরোধ
সাংবাদিকদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার না করলে চট্টগ্রাম নগর পুলিশ কমিশনার কার্যালয় অবরোধের হুমকি দিয়েছেন সাংবাদিক নেতারা।
বুধবার বিকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত সমাবেশ থেকে এই হুমকি দেয়া হয়।
হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজনৈতিক দলের নেতাদের প্রতিও আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা।
সাম্প্রতিক সময়ে রাজনৈতিক কর্মসূচিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে এই সমাবেশ হয়।
সিইউজের সহ-সভাপতি রতন কান্তি দেবাশীষের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, সিইউজের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, সাবেক সাধারণ সম্পাদক নাজিমুদ্দিন শ্যামল, সাংবাদিক চৌধুরী ফরিদ, হাসান ফেরদৌস, ফারুক তাহের প্রমুখ।
গত শুক্রবার ওয়াসার মোড়ে হেফাজতে ইসলামের কর্মসূচিতে দায়িত্ব পালনের সময় হামলার শিকার হন একাত্তর টিভির চার সাংবাদিক, নাজেহাল হন সাংবাদিক সুমি খান।
গত সোমবার কাজীর দেউরী মোড়ে হেফাজত ও বিএনপিকর্মীদের হামলার শিকার হন প্রথম আলো ও আমাদের সময়ের দুই আলোকচিত্রী। ওইদিন ভাংচুর করা হয় সময় টেলিভিশনের গাড়িও।
সাংবাদিক সমাবেশে মঙ্গলবার সংবাদ সম্মেলনে নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর দেয়া বক্তব্যেরও নিন্দা জানানো হয়।
রিয়াজ হায়দার বলেন, “যে কোনো সাংবাদিকের নিজস্ব রাজনৈতিক দর্শন থাকলেও কর্তব্য পালনের সময় তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে থাকেন।”
