২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নৈরাজ্য করে সরকার হঠানো যাবে না’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিরোধী দল সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে সরকার হটাতে পারবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 03:32 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

হরতালে বোমা হামলায় আহত চট্টগ্রামের স্কুলছাত্রী অন্তু বড়ুয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে বুধবার তিনি একথা বলেন।

বিরোধী দলের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “আন্দোলনের নামে মানুষ মারা কেন? এগুলো করে বিরোধী দল কী অর্জন করছে? এটা করে তো সরকার হটাতে পারবে না।”

“লাশ ফেলবে, ক্ষমতায় যাবে- এটা উনার নীতি,” বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে এ মন্তব্য করেন তিনি।

বিরোধী নেতার উদ্দেশ্যে তিনি বলেন, “মানুষের জীবন নিয়ে খেলবেন না। মানুষের ওপর হামলা, মানুষ হত্যা বন্ধ করুন।”

গত ২৮ মার্চ ১৮ দলীয় জোটের হরতালের সকালে বন্দর নগরীর মোমিন রোডে হাতবোমা বিস্ফোরণে আহত হন অপর্ণাচরণ সিটি করপোরেশন স্কুলের নবম শ্রেণীর ছাত্রী অন্তু। তার ডান চোখের পাশে আঘাত লাগে।

ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন অন্তু। প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নিলে গত ৩১ মার্চ তাকে ঢাকায় আনা হয়।

ঢাকার চক্ষু বিজ্ঞান ইন্সটিটউটে অধ্যাপক দীন মোহাম্মদ এবং উত্তম বড়ুয়ার অধীনে চিকিৎসা নেয় অন্তু।

অন্তু তার বাবা অঞ্জন বড়ুয়া এবং মা শিল্পী বড়ুয়ার সঙ্গে গণভবনে যান। তার চিকিৎসকরাও সেখানে ছিলেন।

আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা গওহর রিজভী, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী শিরিন শারমিন চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল।

প্রধানমন্ত্রী প্রথমেই অন্তুর খোঁজ-খবর নেন। যে ঘরে সবাই প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা করছিলেন, সে ঘরে ঢুকেই অন্তুর দিকে তাকিয়ে তিনি বলেন, “কী অবস্থা তোমার এখন?”

অন্তুর পড়াশোনার খবর নিয়ে শেখ হাসিনা বলেন, “ডাক্তাররা আমাকে সব সময় তোমার খবর দিয়েছিল।”

অন্তুর বর্তমান অবস্থা প্রধানমন্ত্রীকে জানান দীন মোহাম্মদ।

এসময়, প্রধানমন্ত্রী জানতে চান, “কতদিন পর পর চেক আপ।”

অন্তুকে আগামী দু’বছর নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে হবে। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রতি মাসে একবার চিকিৎসকের কাছে যেতে হবে বলে জানান ডা. দীন মোহাম্মদ।

অন্তু বড়ুয়ার হাতে প্রধানমন্ত্রী আর্থিক সহায়তার একটি চেক তুলে দেন।

অন্তু পড়াশোনা করে চোখের চিকিৎসক হতে চায়।

একথা শুনে প্রধানমন্ত্রী বলেন, “তুমি চোখের ডাক্তার হতে চাইলে সব রকম সহায়তা করা হবে।”

চিকিৎসার ব্যয় বহনের জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অন্তু বলে, “আপনি আমাকে বাঁচিয়েছেন- এজন্য আমি কৃতজ্ঞ।”

তখন শেখ হাসিনা বলেন, “কেউ রাজনৈতিক আন্দোলন করল বাধা নেই। কিন্তু, সন্তাসী হামলা কেন?

“এই ছোট মেয়েটার ওপর কেন হামলা? এই মেয়ে বা মেয়ের মা মারা যেতে পারত।”

শেখ হাসিনা বলেন, “অমানবিক কাজগুলো বিরোধী দলকে বন্ধ করতে হবে, না হলে এর খেসারত দিতে হবে। দেশের মানুষ চুপ করে বসে থাকবে না।”

কুমিল্লায় গত ২ এপ্রিল রেল লাইনের ফিসপ্লেট খুলে রাখায় দুর্ঘটনার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, “ওই ঘটনায় হাজার হাজার মানুষ মারা যেতে পারত।”

বিরোধী দলীয় নেতাকে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “কোনো সচেতন মানুষ এই কর্মকাণ্ড সহ্য করবে না।”

উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়ে হরতাল দেয়ায়ও বিরোধী দলের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।

দুর্নীতি মামলায় নিজের হাজিরার দিন হরতালের কর্মসূচি ঘোষণা করায় খালেদা জিয়ার সমালোচনা করে শেখ হাসিনা বলেন, “যেদিনই কোর্টে মামলার দিন। সেদিনই হরতাল ডাকে। উনি অন্যায় করেছেন, তাই মামলা মোকাবেলা করতে চান না।”

পুরনো খবর:

অন্তুর চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী