ফেরি থেকে বাস নদীতে, নিহত এক শিশু
বরিশালের বাকেরগঞ্জে ফেরি থেকে নদীতে পড়ে যাওয়া বাসটি নয় ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে।
বুধবার রাত পৌনে ১২টায় উদ্ধারের পর এতে বৃষ্টি (৭) নামের এক শিশুর লাশ পাওয়া যায় বলে জানান বাকেরগঞ্জ থানার ওসি নুরুল ইসলাম।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেলা পুলিশের ১০ টন ধারণ ক্ষমতাসম্পন্ন রেকার ও ফেরির সাহায্যে বাসটি তীরে টেনে আনা হয়।
“ভিতরে একটি মেয়ে শিশু ছাড়া কোনো মৃতদেহ ছিল না। যাত্রী নিখোঁজ রয়েছে এমন দাবিও কেউ আর করেননি।”
নিহত বৃষ্টি বরিশাল সদর উপজেলার চরকাউয়া এলাকার মো. খোকনের মেয়ে।
ওসি আরো জানান, বিকাল ৪টার দিকে ‘মায়ের আঁচল’ পরিবহনের বাসটি ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাণ্ডব নদীতে পড়ে যায়।
প্রায় অর্ধশত যাত্রী নিয়ে বাসটি সদর উপজেলার চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে বাকেরগঞ্জের ডিসি ঘাটে যাচ্ছিল।
বাস নদীতে পড়ার পরপরই যাত্রীদের অনেকে সাঁতরে তীরে ওঠেন।
তীরে ওঠা যাত্রী বাবু সাংবাদিকদের বলেন, “ফেরিতে ওঠার পর চালক ব্রেক ফেল করায় বাস নদীতে পড়ে যায়।”
