২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিক শিক্ষক নিয়োগ: গাজীপুরে প্রবেশপত্র পাননি অনেকেই

গাজীপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দুই দিন আগেও অনেকেই প্রবেশপত্র পাননি বলে অভিযোগ পাওয়া গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 01:42 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

শুক্রবার এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মালবিকা ভৌমিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রবেশপত্র সময় মতো ডাক যোগে পাঠানো হয়েছে। হরতাল ও বাসা পরিবর্তনের কারণে অনেকেই তা পাননি।

“আবেদন বাতিল না হয়ে থাকলে বৃহস্পতিবারের মধ্যে সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে। সেক্ষেত্রে আবেদনকারীকে এককপি ছবি সঙ্গে আনতে হবে।”

জেলার কালীগঞ্জ উপজেলার চোয়ারিখোলা গ্রামের তানজিমা আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে অভিযোগ করেন, তারা কয়েকজন মিলে একই সঙ্গে ডাক যোগে আবেদন করেছিলেন। তবে অন্যদের প্রবেশপত্র এলেও তারটি আসেনি।

জেলা শিক্ষা অফিসের বাতিল তালিকায়ও তার নাম নেই বলে জানান তিনি।

গাজীপুর শহরের জাকিয়া সুলতানা অভিযোগ করেন, বুধবার পর্যন্ত প্রবেশপত্র না পেয়ে বিকেল ৩টার দিকে জেলা শিক্ষা অফিস থেকে নতুন করে প্রবেশপত্র নিয়েছেন তিনি।

প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, জেলায় প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় পাঁচটি উপজেলা থেকে ১৪ হাজার ৭৮৪টি আবেদন পাওয়া গেছে। পর্যাপ্ত শর্ত পূরণ না করায় এক হাজার ৫৩১টি আবেদন বাতিল করা হয়েছে।

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য নির্বাচিত ১৩ হাজার ২৫৩ জন প্রতিযোগীর প্রবেশপত্র গত ২৭ মার্চ ডাক যোগে পাঠানো হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

বুধবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে দেখা যায়, অনেক প্রার্থী প্রবেশপত্রের জন্য সেখানে ঘোরাফেরা করছেন।