লক্ষ্মীপুরে সংঘর্ষ, ভাংচুর
হরতালে লক্ষীপুর সদর ও রামগঞ্জ উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে।
সদর উপজেলার বাস টার্মিনালে হরতাল সমর্থকরা দুটি মোটর সাইকেল এবং ভবানীগঞ্জে পাঁচটি দোকান ভাংচুর করেছে।
হরতালের প্রথম দিনে মঙ্গলবার রাতে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নে এবং রামগঞ্জের করপাড়া ইউনিয়নের দুই পক্ষের সংঘর্ষ বাঁধে বলে পুলিশ জানায়।
স্থানীয়রা জানায়, এশার নামাজের আগে আওয়ামী লীগ নেতাকর্মীরা মিছিল নিয়ে ভবানীগঞ্জ চৌরাস্তায় যাচ্ছিল। মিছিলটি আছিয়া মার্কেটিএলাকায় পৌঁছলে বিএনপিকর্মীরা ধাওয়া দিলে সংঘর্ষ বেঁধে যায়।
সংর্ঘষে উভয়পক্ষের ১২ জন আহত হয় বলে পুলিশ জানায়। সংঘর্ষের সময় ভাংচুর হয় পাঁচটি দোকান।
ভবানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতা সাইফুল হাসান রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার রাতে চরমনসা ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রুহুল আমীনকে পিটিয়ে আহত করে সন্ত্রাসীরা। এর প্রতিবাদে তারা মিছিল করছিলেন।
“বিএনপি নেতা-কর্মীরা বিনা উস্কানিতে ওই মিছিলে হামলা চালায়,” বলেন তিনি।
তবে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাইফুদ্দিন খালেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আওয়ামী লীগকর্মীরাই হামলা শুরু করে। তারা বিএনপি সমর্থকদের ৫/৬টি দোকান ভাংচুর করে।”
লক্ষ্মীপুর থানার উপ-পরিদর্শক কবির হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে জড়িত কাউকে পুলিশ গ্রেপ্তার করেনি। তবে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে বলে এসআই কবির জানান।
রামগঞ্জের করপাড়া ইউনিয়নের আজিমপুর ব্রিজের গোড়া এলাকায়ও সংঘর্ষ বাঁধে মঙ্গলবার রাতে। ওই সময় কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে বলে এলাকাবাসী জানায়।
সংঘর্ষে উভয় পক্ষের আটজন আহত হন বলে পুলিশ জানিয়েছে।
