সিরাজগঞ্জে ৪ শিবিরকর্মী আটক
বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের হরতালের দ্বিতীয় দিনে সিরাজগঞ্জের রায়গঞ্জ থেকে চার শিবিরকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে জেলার নগরবাড়ি-বগুড়া সড়কের ১৬ মাইল এলাকা থেকে নাশকতার আশঙ্কায় এদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের মল্লিকচান গ্রামের আবু তাহেরের ছেলে শাহাদত (২২), মশিউরের ছেলে মানিক (১৯), আব্দুস সোবাহানের ছেলে আবু হাশেম (১৯) ও বুলাকীপুর গ্রামের বাহার উদ্দিনের ছেলে মজনু (২৩)।
এদিকে সকালে হরতালের সমর্থনে শহরে মিছিল করেছে ছাত্রদল ও যুবদল। এছাড়া সকাল সাড়ে ১১টায় সিরাজগঞ্জ-কাজিপুর সড়কের সমাজ কল্যাণ মোড়ে টায়ার জ্বালিয়ে পিকেটাররা যান চলাচলে বাধা দেয়।
এ সময় তারা বসির উদ্দিনের মুদি দোকান ও আবুলের চায়ের দোকান ভাংচুর করে। পরে পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় বলে জানান সদর থানার ওসি রফিকুল ইসলাম খান।
এছাড়া হরতালের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি বলে জানায় পুলিশ।
