২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দূরের যাত্রায় বিরতি ৪ দিনের

বিএনপির ডাকা হরতালের দ্বিতীয় দিন রাজধানীর প্রধান সড়কগুলোতে যানবাহনের সংখ্যা বেড়েছে। তবে মহাসড়কে ভাংচুরের ঝুঁকিতে টার্মিনালগুলো বাস ছাড়ার সাহস পাননি মালিক-শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 05:04 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

ঢাকা-রংপুর রুটে চলা এ আলমের পরিবহনের বাসচালক মো. হাসান জানান, সোমবার হেফাজতে ইসলামের হরতাল শুরুর পর গাবতলী টার্মিনাল থেকে তিনি আর বাস নিয়ে বের হননি। বিএনপির মঙ্গল-বুধবার হরতালের পরে বৃহস্পতিবার ইসলামী ছাত্র শিবিরের সকাল-সন্ধ্যা হরতাল শেষে স্টিয়ারিং হুইলের পেছনে বসবেন তিনি।

সোম ও মঙ্গলবারের মতো বুধবারও মহাখালী থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি বলে জানান এনা পরিবহনের কর্মচারী মো. জব্বর। দূরপাল্লার বাস ছাড়েনি সায়েদাবাদ থেকেও।

বৃহস্পতিবার হরতাল শেষে টার্মিনাল থেকে বাস বের করা হবে বলে জানিয়েছেন পরিবহনকর্মীরা। বাস না চালানোর কারণ হিসেবে দূরের যাত্রায় যাত্রীর ঘাটতির কথাও জানিয়েছেন তারা।

তবে ঢাকার আশপাশের কয়েকটি স্থানে কিছু বাস ছেড়ে গেছে। ফুলবাড়িয়া থেকে ধামরাই, নয়াবাজার থেকে মুন্সিগঞ্জ ও সায়েদাবাদ থেকে মেঘনা ঘাট পর্যন্ত কয়েকটি বাস চলছে বলে পরিবহন শ্রমিকরা জানিয়েছেন।

রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি না থাকায় বুধবার সকালে গণপরিবহনের সংখ্যাও অন্য হরতালের তুলনায় বেড়েছে।

মঙ্গলবার ভোর থেকে টানা ৩৬ ঘণ্টার হরতাল চললেও সেদিন সন্ধ্যা গড়াতেই রাস্তায় যানবাহনের সংখ্যা বেড়ে যায়। মৌচাক মোড়ে দেখা যায় চিরাচরিত যানজটের।

নগর পরিবহনের বিভিন্ন রুটের বাস চলছে। চলছে বিআরটিসির বাসও। রাস্তায় বেশকিছু সরকারি অফিসের গাড়ি ও প্রাইভেট কারও চলতে দেখা গেছে।

অন্যান্য হরতালের মতো সকাল থেকেই রাজধানীতে রিকশা ও অটোরিকশা চলাচল করছে। হরতালের সুযোগে রিকশাচালকরা জট পাকাচ্ছেন ভিআইপি সড়কগুলোতেও।

যানবাহনের সংখ্যা বাড়ায় বিজয় সরণী,ফার্মগেইটসহ রাজধানীর কয়েকটি ট্রাফিক সিগন্যালে যানবাহন নিয়ন্ত্রণ করতে হচ্ছে ট্রাফিক পুলিশের।

বিভিন্ন কাজে রাস্তায় বের হওয়া মানুষের সংখ্যাও অন্যান্য হরতালের তুলনায় বেশি। গুলিস্তান এলাকায়  রাস্তায় ও ফুটপাতে হকারদের পণ্য নিয়ে বসতে দেখা গেছে।

যাত্রী কম থাকলেও রেল ও লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

লঞ্চ চলাচল মোটামুটি স্বাভাবিক আছে জানিয়ে বাংলাদেশ আভ্যন্তরীন নৌ চলাচল কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহফুজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বেলা সাড়ে ১০টা পর্যন্ত সদরঘাট থেকে ৯টি লঞ্চ ছেড়ে গেছে,এসেছে ৩৫টি।

নাশকতার আশঙ্কা থাকলেও বুধবার ট্রেন চলাচল বন্ধ রাখা হয়নি। রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর হুমায়ূন কবির জানান, রেল স্টেশন থেকে যথারীতি সব ট্রেন ছেড়ে গেছে।

হরতালে সকাল থেকেই ঢাকার বিভিন্ন সড়কে র‌্যাব-পুলিশের টহল লক্ষ করা গেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দল মঙ্গলবার থেকে টানা ৩৬ ঘণ্টার এই হরতাল ডাকে। বৃহস্পতিবার হরতাল ডেকেছে ইসলামী ছাত্রশিবিরও।