বাগেরহাটে আ.লীগের ২ পক্ষে সংঘর্ষে নিহত ১
বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় পৌরসভা মেয়রের বাড়িতে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে মারা যান ডেমা ইউনিয়ন যুবলীগের ১ নং ওয়ার্ড কমিটির সদস্য কালু শেখ (৩০)।
পৌর মেয়র খান হাবিবুর রহমানের বাড়িতে সোমবার রাত ১০টার দিকে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন কালু শেখ।
পুলিশ জানায়, বাগেরহাট পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খান হাবিবুর রহমানের সঙ্গে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও যুবলীগ সভাপতি শিপন মিনা ও ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাকি তালুকদারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। সোমবার দুপুরে বাগেরহাট গণপূর্ত বিভাগের একটি দরপত্র দাখিল করাকে কেন্দ্র করে এই দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে রাতের ওই সংঘর্ষ হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
পৌর কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি শিপন মিনা অভিযোগ করেন, আমরা কয়েকজন মিলে পৌর মেয়রের কাছে তার ভাগ্নে হাসিবের বিরুদ্ধে নালিশ করতে গিয়েছিলাম। এ সময় মেয়রের বাড়ির সামনে এবং ছাদ থেকে আমাদের উপর সাত-আট রাউন্ড গুলি ছোড়া হয়। এতে কালুর মাথায় গুলি লাগে। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।
তবে পৌর মেয়র খান হাবিবুর রহমান পাল্টা অভিযোগ করেন, শিপন মিনা ও মাসুদ সরদারের নেতৃত্বে ৪০/৫০ জন সন্ত্রাসী আকস্মিক তার বাড়িতে হামলা চালায়। তারা ১০/১২ রাউন্ড গুলি ছোড়ে এবং বাড়ির নিচতলার একটি কক্ষ ভাংচুর করে।
এ সময় তিনি বাড়িতে ছিলেন না বলেও জানান।
বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান জানান, আওয়ামী লীগের বিবাদমান দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধের জেরে এ সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ যুবলীগকর্মী কালু শেখ মারা গেছে।
