২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম অঞ্চলে ২০টি সেতু নির্মাণে চুক্তি

চট্টগ্রাম অঞ্চলে ৩০ মিটারের বেশি দৈর্ঘ্যের ২০টি সেতু নির্মাণের জন্য ঠিকাদারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 07:39 AM

Updated : 25 Apr 2022, 06:35 PM

এসব চুক্তির আওতায় ২৯২ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম অঞ্চলের ৪টি আঞ্চলিক সড়কে ২০টি সেতু নির্মাণ করা হবে বলে জানিয়েছেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার সড়ক ভবনে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মন্ত্রী বলেন, আগামী ২২ মাসের মধ্যে সেতুগুলোর নির্মাণকাজ শেষ হবে।

সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আমিনুর রহমান লস্কর ও ঠিকাদারী প্রতিষ্ঠান মোনিকো-সিপিসি-জেভির পক্ষে মো. শফিকুল ইসলাম এই চুক্তিতে সই করেন। সড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জানানো হয়, চুক্তির আওতায় হাটহাজারী-রাঙ্গামাটি সড়কে ৪টি, হাটহাজারি –ফটিছড়ি-খাগরাছড়ি সড়কে ৭টি, কক্সবাজার-টেকনাফ সড়কে ৫টি এবং পটিয়া-আনোয়ারা-বাশখালী সড়কে ৪টি সেতু নির্মাণ হবে।

জাইকার অর্থায়নে সড়ক ও জনপথ অধিদপ্তর ‘ইস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইমপ্রুভমেন্ট’ নামের এ প্রকল্প বাস্তবায়ন করছে।

কর্মকর্তারা জানান, এ প্রকল্পের আওতায় দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে মোট ১১৮টি সেতু নির্মাণ করা হবে। এর মধ্যে ৭৮টির নির্মাণকাজ চলছে এবং ৪টির কাজ শেষ হয়েছে।