২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হার্ট ফাউন্ডেশনের তিন চিকিৎসকের বিচার শুরু

অপচিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে দেশে হৃদরোগের অন্যতম বড় হাসপাতাল ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের তিন চিকিৎসকের বিচার শুরু হয়েছে।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 06:31 PM

Updated : 25 Apr 2022, 06:34 PM

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ওই তিন চিকিৎসক হলেন- চিফ কার্ডিয়াক সার্জন অধ্যাপক ফারুক আহমেদ, সার্জিকাল রেসিডেন্ট ডা. মোহাম্মদ মনিরুজ্জামান, সহকারী অধ্যাপক ডা. হারুন রশীদ।

সোমবার ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ আখতারুজ্জামান ওই চিকিৎসকদের বিরুদ্ধে মামলার অভিযোগ গঠন করেন।

আগামী ১৫ এপ্রিল এ মামলার সাক্ষ্যগ্রহণ শুরুর দিন ঠিক করেছেন তিনি।

তিন চিকিৎসকের সঙ্গে মামলার অপর আসামি অধ্যাপক ফারুক আহমেদের সহকারী জলির বিরুদ্ধেও অভিযোগ গঠন হয়েছে।

চিকিৎসকদের বিরুদ্ধে গত বছরের ১৮ সেপ্টেম্বর মামলাটি করেন হাবিবুর রহমান নামে এক রোগীর মেয়ে ফাহিমা আক্তার।

হাবিবুর রহমান চাঁদপুর ও ঢাকার ফরাশগঞ্জে কাঁচামালের ব্যবসা করতেন। যিনি ওই হাসপাতালে মারা যান।

ফাহিমার অভিযোগ, বুকের ব্যথা নিয়ে তার বাবা ২০১১ সালের ১৪ সেপ্টেম্বর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ভর্তি হন।

তিন দিন পরে তার এনজিওগ্রামের পর চিকিৎসকরা জানান, হৃদপিণ্ডে তিনটি ব্লক (বাধা) রয়েছে।

তবে টাকা নেয়ার পরও অস্ত্রোপচার না করে হাবিবুরকে পরীক্ষা-নিরীক্ষা করাতে মিরপুরের গ্যালাক্সি হাসপাতালে পাঠানো হয় বলে মামলায় বলা হয়েছে, যে হাসপাতাল থেকে রোগীকে বলে দেয়া হয় যে তার কোনো সমস্যা নেই।

এরপর ওই বছরের ২২ অক্টোবর হার্ট ফাউন্ডেশন হাসপাতালে ওই রোগীর প্রথম অস্ত্রোপচার করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়।

অস্ত্রোপচারের পর সেলাইয়ের স্থানে পচন ধরে। এরপর থেকে ১১ মাসে পাঁচবার রোগীর অস্ত্রোপচার হয় বলে মামলায় বলা হয়েছে।

“একাধিকার অস্ত্রোপচারের কারণ জানতে চাইলেও কখনোই আমাকে বলা হয়নি। বরং মিথ্যা আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়া হয়,” অভিযোগ ফাহিমার।

এরপর গত ১৪ অগাস্ট হাসপাতালে সর্বশেষ বার নেয়ার পর ১৮ অগাস্ট হাবিবুর মারা যান।

অপচিকিৎসার কারণেই এই মৃত্যু ঘটেছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

তবে অভিযোগ গঠনের সময় বিচারকের প্রশ্নের উত্তরে কাঠগড়ায় দাঁড়ানো চিকিৎসকরা নিজেদের নির্দোষ দাবি করেন।