রাজশাহীতে ‘পুলিশ পাহারায়’ হেফাজতের মিছিল
রাজশাহীতে পুলিশ ও র্যাবের পাহারায় হরতালের সমর্থনে মিছিল করেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা।
সোমবার সকাল সাড়ে ৭টার দিকে হেফাজতের রাজশাহী বিভাগীয় সভাপতি মাওলানা আব্দুস সামাদের নেতৃত্বে নগরীর মালোপাড়া মাদ্রাসা থেকে মিছিলটি বের হয়। পরে রেলগেটে রাস্তার ওপর এক সংক্ষিপ্ত সমাবেশ করেন হেফাজতকর্মীরা।
এ সময়ও কাছাকাছি সতর্ক পাহারায় ছিলেন পুলিশ সদস্যরা।
মহানগর গোয়েন্দা পুলিশের ওসি আলমগীর হোসেন বলেন, শান্তিপূর্ণ কর্মসূচি পালনের অনুমতি চাইলে পুলিশ তাদের মিছিল ও সমাবেশ করার অনুমতি দেয়।
তবে নাশকতা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
হরতালে নগরীতে হালকা যান চলাচল করছে এবং ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। বন্ধ রয়েছে দূরপাল্লার বাস।
লংমার্চে বাধা দেয়ার অভিযোগে এবং ১৩ দফা দাবিতে সারা দেশে হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম।
