২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘শিক্ষানীতি নিয়ে বিতর্কের সুযোগ নেই’

হেফাজতে ইসলামের নেতারা জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি জানালেও এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই বলে জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 02:34 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার রূপসী বাংলা হোটেলে এক অনুষ্ঠানে তিনি বলেন, “আলেম-ওলামা, শিক্ষাবিদ, গবেষকসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই শিক্ষানীতি গৃহীত হয়েছে। এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই।”

হেফাজতে ইসলামের দাবিগুলোর মধ্যে রয়েছে, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা।

মতিঝিলে হেফাজতে ইসলামের শনিবারের মহাসমাবেশে শিক্ষা ও নারীনীতি নিয়ে বিদ্বেষমূলক বক্তব্যও দেয়া হয়।

২০০৯ সালের ৮ এপ্রিল জাতীয় অধ্যাপক কবীর চৌধুরীর নেতৃত্বে ১৮ সদস্য বিশিষ্ট শিক্ষানীতি প্রণয়ন কমিটি গঠন করা হয়।

ওই কমিটি শিক্ষানীতির চূড়ান্ত খসড়া ২০০৯ সালের ২ সেপ্টেম্বর সরকারের কাছে পেশ করে এবং ৯ সেপ্টেম্বর থেকে জনসাধারণের অবগতি ও মতামতের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা হয়। ২০১০ সালের ৭ ডিসেম্বর জাতীয় সংসদে জাতীয় শিক্ষানীতি পাস হয়।

দেশের ২৩ হাজার তিনশ বিদ্যালয়ে মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ চালুর লক্ষ্যে প্রজেক্টর সরবরাহে সাতটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে শিক্ষানীতির প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে কথা বলেন শিক্ষামন্ত্রী।

"গতানুগতিক শিক্ষা দিয়ে দেশের অগ্রগতি সম্ভব নয়, প্রয়োজন বিশ্বমানের শিক্ষা। এজন্য আমরা শিক্ষাবিদ, গবেষক, আলেম-ওলামাসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করেই শিক্ষানীতি বাস্তবায়ন করছি। এই শিক্ষানীতির আলোকে স্কুল, কলেজ, মাদ্রাসায় আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা দেয়া হচ্ছে।”

ডিজিটাল শ্রেণীকক্ষের সুবিধা তুলে ধরে মন্ত্রী বলেন, শিক্ষকদের আর আগের মত শুধু ব্ল্যাকবোর্ডে লিখতে হবে না। প্রজেক্টরের মাধ্যমেই শিক্ষার্থীদের পাঠদান করাতে পারবেন তারা।

এজন্য ১২ হাজার শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

ডিজিটাল শ্রেণীকক্ষের জন্য প্রজেক্টর সরবরাহে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সঙ্গে ওরিয়ন কম্পিউটার্স, ইউনিক বিজনেস সিস্টেম, স্মার্ট টেকনোলজি (বিডি) লিমিটেড, আইওই (বিডি) লিমিটেড, এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড, এভি (বিডি) লিমিটেড এবং ফ্লোরা লিমিটেড চুক্তি করে।

শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত শিক্ষা সচিব (উন্নয়ন) ইকবাল খান চৌধুরী, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুন ছাড়াও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।