২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বার্ড ফ্লুতে ৫ বছরে প্রথম মৃত্যু

পাঁচ বছর আগে বার্ড ফ্লুর ভাইরাসের সংক্রমণ ধরা পরার পর এতে প্রথম বারের মতো কারো মৃত্যুর খবর জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2013, 12:07 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রে (সিডিসি) পাঠানো নমুনা পরীক্ষা করে নিশ্চিত হওয়ার পরই রোববার আইইডিসিআর সরকারের এ সংস্থাটি এ তথ্য জানালো।

আক্রান্ত হয়ে মারা যাওয়া কুমিল্লার চৌদ্দগ্রামের ওই শিশুটির শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লুর ‘কোনো লক্ষণ’ প্রথমে ধরা পড়েনি। দুই বছরের কম বয়সী শিশুটি গত ১৮ ফেব্রুয়ারি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা যায়।

তবে আইইডিসিআর এ মৃত্যুর সঙ্গে বাড়ির আঙিনায় থাকা মুরগির খামারের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে।

আইইডিসিআরের পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের নিয়মিত পর্যবেক্ষণস্থলগুলোর একটি থেকে আমরা এ শিশুটির সর্দি ও রক্ত পরীক্ষা করি।”

গত ১২ ফেব্রুয়ারি আইইডিসিআর শিশুটিকে নিয়মিত গবেষণার আওতায় আনা হয়। ওই দিনই তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এর পর তাকে ঢাকা শিশু হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ফ্রেব্রুয়ারি তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে প্রথমে মেনিনজাইটিস বলা হয়।

মাহমুদুর রহমান জানান, শিশুটির মধ্যে বার্ড ফ্লুর লক্ষণ না থাকার পরও সুনিশ্চিত হওয়ার জন্য নমুণাগুলো যুক্তরাষ্ট্রের সিডিসির গবেষণাগারে পাঠানো হয়।

শনিবার আমরা পরীক্ষার ফলাফল জানতে পেরেছি, বলেন তিনি।

বার্ড ফ্লুর কারণে হাজার হাজার মুরগি নিধন হলেও এ নিয়ে সাতজনের এ রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

আইইডিসিআরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এম মুশতাক হোসেন বলেন, “বাংলাদেশে এ ভাইরাস ছড়ানোর প্রধান কারণ হচ্ছে বাড়ির আঙিনায় মুরগির খামার।”

তিনি বলেন, “গ্রামে চোরের ভয়ে লোকজন ঘরের পাশেই মুরগি নিয়ে ঘুমায়। বাচ্চারা ডিম, মুরগি এসব ধরে। কিন্তু হাত ধোয় না।”

তিনি আরো বলেন, এসব কারণে বার্ড ফ্লুর লক্ষণসহ জ্বর হলেও বাবা-মা খেয়াল করে না।

এইচ১এন১, এইচ৫এন১, এইচ৩এন২ ওএইচ৯এন২ -ফ্লুর এ চারটি ভাইরাস বাংলাদেশে ছড়িয়েছে। এর যেকোনো একটি একবার ছড়িয়ে পড়লে ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হবে।

বার্ড ফ্লু সংক্রমণ ঠেকাতে আইইডিসিআর থেকে মুরগি জাতীয় খাবার ভালমতো রান্না করে খাওয়ার পরামর্শ দিয়েছে। সেইসঙ্গে মুরগির খামারগুলোতে জীব-নিরাপত্তা মেনে চলার পরামর্শ দেয়া হয়েছে।

১৯৯৭ সালে প্রথম হংকংয়ে বার্ড ফ্লুর সংক্রমণ হয়। এতে ছয়জনের মৃত্যু হয়। ওই সংক্রমণের সঙ্গে মুরগি ও এইচ৫এন১ ভাইরাসের সম্পৃক্ততা ছিল। আর বাংলাদেশে ২০০৮ সালে প্রথম এ ভাইরাসটি ধরা পড়ে।