২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামেক হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসকদের কর্মবিরতি

রোগীর স্বজনদের হাতে লাঞ্ছিত হওয়ার ঘটনার প্রতিবাদে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি পালন করছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 02:12 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শনিবার বেলা ১টা থেকে তারা এ কর্মবিরতি শুরু করে।

রামেক হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত ও দোষীদের আটক না করা পর্যন্ত তারা কাজে যোগ দেবে না বলে শিক্ষানবিশ চিকিৎসকরা ঘোষণা দিয়েছেন।

  শিক্ষানবিশ চিকিৎসক আবদুর সবুর বলেন, শনিবার দুপুরে রামেক হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে পাপ্পু নামে এক রোগীর স্বজনরা সেখানে কর্তব্যরত তিন শিক্ষানবিশ চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করে।

পাপ্পুকে ছাড়পত্র দেয়ার সময় আশঙ্কাজনক অবস্থায় অপর এক রোগী ওয়ার্ডে আসলে চিকিৎসকরা সেই রোগীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। এতে ছাড়পত্র দিতে দেরি হওয়ায় রোগীর স্বজনরা তাদের শারীরিকভাবে লঞ্ছিত করে বলে অভিযোগ করেন তিনি।

চিকিৎসক আবদুর সবুর আরো জানান, এ ঘটনার প্রতিবাদ জানাতে ইন্টার্ন চিকিৎসকরা হাসপাতালের ভেতরে একটি স্থানে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করে কর্মবিরতি পালনের ঘোষণা দেন।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল সাইদুর রহমান বলেন, শিক্ষানবিশ চিকিৎসকদের সঙ্গে দেখা করে তাদের দাবিগুলো মেনে নেয়ার আশ্বাস দেয়া হয়েছে। তাদেরকে কাজে ফেরারও আহবান জানানো হয়েছে।