২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হেফাজতের মিছিলে পুলিশের ‘সহযোগিতা’

মতিঝিলের সমাবেশে যোগ দিতে রাজধানীর বিভিন্ন অংশ থেকে আসা হেফজতকর্মীদের পুলিশ ‘সহযোগিতা দিচ্ছে’ বলে জানিয়েছেন সংগঠনের এক নেতা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2013, 04:08 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সমাবেশের সমন্বয়কারী মিজানুর রহমান সাঈদ শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকাল থেকেই আমাদের কর্মীরা বিভিন্ন এলাকা থেকে শান্তিপূর্ণ মিছিল নিয়ে মতিঝিলে আসছেন। আমরা খবর পেয়েছি, নির্বিঘ্নে মতিঝিলে পৌঁছানোর ব্যাপারে পুলিশ তাদের সহযোগিতা দিচ্ছেন। ঢাকার ভেতরে কোথাও বাধা দেয়া হয়নি।”

“তবে ঢাকার বাইরে আশুলিয়া ও গাজীপুরে হেফাজত কর্মীদের লংমার্চে বাধা দেয়া হয়েছে বলে আমরা খবর পেয়েছি।”

কারা বাধা দিচ্ছে জানতে চাইলে মিজানুর বলেন, “যারা আমাদের লংমার্চ ঠেকাতে হরতাল-অবরোধ ডেকেছে তারাই বাধঅ দিচ্ছে। আর পুলিশ তাদের সহযোগিতা করছে বলে আমাদের মনে হয়।”

বাধা না দিয়ে শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে সহযোগিতা দিতে পুলিশের উদ্দেশে আহ্বান জানান তিনি।              

গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তির দাবিতে লংমার্চ করে ঢাকায় এসে এই সমাবেশ করছে হেফাজত, যাদের বিরুদ্ধে জামায়াত ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।

সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত শাপলা চত্বর থেকে ফকিরাপুল ক্রসিং পর্যন্ত এলাকায় এই সমাবেশ করার কথা রয়েছে হেফাজতের। বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটও হেফাজতের কর্মসূচিতে সমর্থন দিয়েছে। 

সমাবেশে রাজনৈতিক বক্তব্য না দেয়াসহ ১২টি শর্তে ঢাকা মহানগর পুলিশ হেফাজতকে এই সমাবেশের অনুমতি দিয়েছে।

অন্যদিকে হেফাজতের এই কর্মসূচি প্রতিহত ও জামায়াত নিষিদ্ধের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্য ৬টা থেকে ২৪ ঘণ্টার হরতাল করছে সারা দেশে। একই সময় থেকে ২২ ঘণটার অবরোধ কর্মসূচি পালন করছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।

শনিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন অংশ থেকে মিছিল নিয়ে হেফজতকর্মীদের মতিঝিলের দিকে এগোতে দেখা যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক শহীদুল ইসলাম জানান, দূরপাল্লার গাড়ি চলাচল বন্ধ থাকলেও শনিবার সকাল থেকেই গাবতলী বাস টার্মিনাল এলাকায় জড়ো হন হেফাজতে ইসলামীর কর্মীরা।

সকাল সাড়ে ৭টার দিকে তারা মিছিল নিয়ে সামনে যাওয়ার প্রস্তুতি নিলে স্থানীয় সাংসদ আসলামুল হক আসলাম দলীয় নেতাকর্মীদের নিয়ে সেখানে যান।

হেফাজতের নেতাকর্মীদের উদ্দেশ্যে আসলাম হ্যান্ড মাইকে বলেন, আপনারা মিছিল থেকে কোনো বিশৃঙ্খলা না করে সমাবেশে যোগ দেবেন, পুলিশ আপনাদের সহায়তা করবে।

“আমার নির্বচানী এলাকা কল্যাণপুর পর্যন্ত হলেও পুলিশ আপনাদের আদাবর পর্যন্ত এগিয়ে দেবে। শান্তিপূর্ণ সমাবেশ করেন।”

পরে হেফাজতে ইসলামীর আমিনবাজার শাখার এক নেতা মিছিল শুরুর আগে কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা কেউ আপত্তিকর কোনো আচরণ করবেন না। যে আপত্তিকর আচরণ, বিশৃঙ্খলা ও নাশকতা করবে সে আমাদের দলের না, তাকে ধরে পুলিশে দেবেন।”

এসব মিছিলে বেশিরভাগ নেতাকর্মীর পরনে দীর্ঘ পাজামা-পঞ্জাবীর সঙ্গে মাথায় টুপি দেখা গেলেও মাঝে মধ্যে জিন্স প্যান্ট-শার্ট পরিহিত পরিষ্কারভাবে দাঁড়ি কামানো কিছু মুখও দেখা যায়।

সরকারের মন্ত্রীসহ ক্ষমতাসীন জোটের নেতারা অভিযোগ করে আসছেন, হেফাজতে ইসলাম আসলে জামায়াতকেই ‘হেফাজত’ করতে চাইছে। তাদের কর্মসূচিতে জামায়াত কর্মীদের প্রত্যক্ষ সহযোগিতকারও অভিযোগ এসেছে। 

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে সমাবেশের সমন্বয়কারী মিজানুর রহমান সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক কামাল তালুকদারকে বলেন, “আমরাতো সবাইকে দাওয়াত দিয়েছি। আওয়ামী লীগ-বিএনপি সহ সব দলের মানুষই সমাবেশে এসে আমাদের দাবির সঙ্গে একাত্ম হতে পারেন।”  

পুরান ঢাকা থেকে আসা একটি মিছিলের মাঝে ঠেলাগাড়িতে করে কলা ও শুকনা খাবার নিয়ে যেতে দেখা যায়।

মতিঝিলে দীর্ঘ সময় অবস্থান করার পরিকল্পনা আছে কি না জানতে চাইলে মিছিলে থাকা এক হেফজত নেতা বলেন, বিকাল পর্যন্ত সমাবেশ। তাই দুপুরের খাবার হিসাবে এই শুকনো খাবার সঙ্গে নিচ্ছেন তারা।

পুরনো খবর:

মতিঝিলে জড়ো হচ্ছে হেফাজতকর্মীরা