চাঁদপুর থেকে ঢাকার লঞ্চ ছাড়েনি
হেফাজতে ইসলামের ঢাকার মহাসমাবেশের আগে চাঁদপুর থেকে ঢাকার উদ্দেশে কোনো লঞ্চ ছাড়ছে না।
চাঁদপুর-ঢাকা নৌপথে চলাচলকারী ঈগল ও এমভি ময়ুর লঞ্চের সুপারভাইজার আলী আজগর বলেন, হরতাল ও লং মার্চের কারণে লঞ্চ মালিক সমিতি এই রুটে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে।
শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তির দাবিতে শনিবার সকাল দশটায় সমাবেশ শুরু হওয়ার কথা হেফাজতের।
‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে স্লোগান দিচ্ছে তারা। এ দাবিতেই শুক্রবার জুমার নামাজের পর থেকে ঢাকামুখী লংমার্চ এবং শনিবার রাজধানীতে সমাবেশের ঘোষণা দেয় হেফাজতে ইসলাম।
সরকারের পক্ষ থেকে সংগঠনটির কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হলেও ঢাকায় আসার পথে বিভিন্ন স্থানে পুলিশি বাধার মুখে পড়ার অভিযোগ করেছে হেফাজত নেতারা।
হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার হরতাল পালন করছে।
এছাড়া গণজাগরণ মঞ্চ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে সড়ক, নৌ ও রেলপথ অবরোধ করছে। নৌপথে হেফাজতকর্মীদের ঢাকা আসা ঠেকাতে সদরঘাটে অবস্থান করছে গণজাগরণ মঞ্চের কর্মীরা। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার সদরঘাট দিয়ে লঞ্চ না ছাড়তে মালিক-শ্রমিকদের প্রতি আহ্বান জানান।
লংমার্চ এবং হরতাল-অবরোধের ঘোষণার মধ্যে সহিংসতার আশঙ্কায় শুক্রবার সকাল থেকেই রাজধানীর সঙ্গে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ রেখেছেন মালিকরা। ঢাকার বাইরে থেকেও কোনো বাস রাজধানীতে আসেনি।
নাশকতার আশঙ্কায় শুক্রবার সন্ধ্যা থেকে ঢাকাগামী দশটি ট্রেনের যাত্রা বাতিল করে রেলওয়ে কর্তৃপক্ষ।
