হরতাল-অবরোধে দেশজুড়ে প্রতিরোধ
হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিরোধে হরতাল ও অবরোধের সমর্থনে জেলায় জেলায় মিছিল, সমাবেশ, বিক্ষোভ হয়েছে। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। হয়নি গাড়ি ভাংচুর বা অগ্নিসংযোগ।
শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের শাস্তির দাবিতে শুক্রবার লংমার্চ নিয়ে ঢাকায় আসার কথা হেফাজতে ইসলামের, শনিবার রাজধানীতে তাদের সমাবেশ করার কথা।
হেফাজতের এই কর্মসূচি প্রতিহত ও জামায়াত-শিবির নিষিদ্ধের দাবিতে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ২৪ ঘণ্টার এই হরতাল পালন করছে। সমর্থন দিয়েছে বামপন্থী দলগুলোও।
বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: শুক্রবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোট হরতালের সমর্থনে মিছিল বের করলে জিন্দাবাজার এলাকায় মিছিলটি আটকে দেয় পুলিশ।
রাত ৮টার দিকে মিছিলকারীরা শহীদ মিনারে অবস্থান নিয়ে সেখানে সমাবেশ করেন তারা।
এর আগে বিকেলে নগরীর সাহেবাজার জিরোপয়েন্টে মানববন্ধন করে হরতাল সফল করার আহ্বান জানায় বিভিন্ন সংগঠনের নেতারা।
বরিশাল: সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদসহ ৩১টি সংগঠন জেলায় হরতালের সমর্থনে মিছিল করেছে।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার টাউন হলের সামনে থেকে মশাল মিছিল শুরু হয়। পরে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অশ্বিনী কুমার হল চত্বরে গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা, হরতাল সফল ও হেফাজতে ইসলামের লং মার্চ প্রতিহত করার আহ্বান জানান।
সাভার: হেফাজতে ইসলামের ডাকা লং মার্চ কর্মসুচিকে প্রতিহত করতে শুক্রবার সন্ধ্যা থেকে ঢাকা-আরিচা মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা।
সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইটে ঢাকা-আরিচা মহাসড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন।
এছাড়াও লং মার্চে নাশকতার আশঙ্কায় ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর প্রবেশদ্বার আমিন বাজার, সাভার রেডিও কলোনি, জাহাঙ্গীরণগর প্রান্তিক গেইট, আশুলিয়ায় বাজার, জিরাব বাসস্ট্যান্ডে নিরাপত্তা চৌকি দেখা গেছে।
সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান তল্লাশির সত্যতা জানান।
গাজীপুর: শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে হরতালের সমর্থনে গাজীপুরে মিছিল সমাবেশ হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, গণজাগরণ মঞ্চ সমন্বয় কমিটি, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, জাতীয় কবিতা পরিষদ শহরের শিববাড়ী, রাজবাড়ী রোড, থানা রোড, জয়দেবপুর বাজার, বাসস্ট্যান্ড এলাকায় মিছিল করে।
মিছিল শেষে ঊনিশে চত্বর মুক্তমঞ্চে স্থাপিত গণজাগরণ মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সভাপতি জয়নাল আবেদীন খান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ বাদল, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক মীর দেলোয়ার হোসেন, বাসদের সাবেক সমন্বয়ক আব্দুল কাইয়ুম, গণজাগরণ মঞ্চ সমন্বয় কমিটির জুলীয়াস চৌধুরী, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক হাতেম আলী, জাতীয় কবিতা পরিষদের এম এ ফরিদ প্রমুখ।
সেখানে সমাবেশে বক্তব্য রাখেন ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি সাবেক এমপি শফিকুল ইসলাম খোকা, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক অধ্যাপক আশরাফ হোসেন তরফদার, উদীচীর সাধারণ সম্পাদক সন্তোষ কুমার রাজভার ও জামালপুর গণজাগরণ মঞ্চের যুগ্ম-আহবায়ক সৈয়দ তানভীর আহম্মেদ।
মাগুরা: হরতালের সমর্থনে সন্ধ্যায় মাগুরা শহরে বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সন্ধ্যা ৭টায় শহরের চৌরঙ্গীর মোড় থেকে হরতাল সমর্থনে বের হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার চৌরঙ্গীর মোড়ে এসে শেষ হয়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ঘাত দালাল নির্মূল কমিটির শফিকুল ইসলাম লাল্টু, আরিফ আহমেদ প্রদীপ, মনিরুল ইসলাম তুষার, জেলা ছাত্রলীগ সভাপতি শেখ রেজাউল ইসলাম, উদীচীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, ছাত্রনেতা মো. সবুজ প্রমুখ।
পরে সেখানে বক্তব্য দেন জেলা ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম মান্টু, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমাণ্ডার মোসাদ্দেক হোসেন বাবলু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি আল আমীন, গণজাগরণ মঞ্চের সংগঠক সজিব প্রমুখ।
নেত্রকোনা: রাত ৮টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে মশাল মিছিল বের করে হরতাল সমর্থকরা। মিছিলটি ছোটবাজার, তেরিবাজার, বড়বাজার হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হয়। মিছিলে বিভিন্ন সামাজিক সাং¯কৃতিক সংগঠনের কর্মীরা অংশ নেন।
পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নেত্রকোনা পৌর মেয়র ও সাংস্কৃতিক জোটের আহ্বায়ক প্রশান্ত কুমার রায়, জেলা সেক্টর কমান্ডার্স ফোরামের সভাপতি আবু সিদ্দিক আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নুরুল আমিন, জেলা সিপিবির সাধারণ সম্পাদক খন্দকার আনিসুর রহমান।
রাজবাড়ী: শুক্রবার সন্ধ্যায় শহরের মুক্তিযোদ্ধা, পেশাজীবী ও সংস্কৃতিকর্মীরা সম্মিলিতভাবে হরতাল সমর্থনে একটি মশাল মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
