কাপ্তাই লেকে চুয়েট শিক্ষার্থী নিখোঁজ
রাঙামাটির কাপ্তাই লেকে পড়ে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ আহমেদ আল জোবায়ের বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘গ্রিন ফর পিসের’ আয়োজনে শুক্রবার সকালে প্রায় শতাধিক শিক্ষার্থী ওই বনভোজনে যায়। তারা রাঙামাটি থেকে লঞ্চে বেলা ১২টার দিকে শুভলংয়ের উদ্দেশ্যে যাত্রা করলে মাস্টারপাড়া এলাকায় পা পিছলে লেকের পানিতে পড়ে যায় জোবায়ের।
স্থানীয়দের সহায়তায় পুলিশ ও নেভি ক্যাম্পের ডুবুরিরা তল্লাশি চালালেও সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত ওই শিক্ষার্থীকে উদ্ধার করা যায়নি।
বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রনিক্স ও টেলিকমিউনিকেশন বিভাগের প্রধান অধ্যাপক কাজী দেলোওয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জোবায়ের হঠাৎ লঞ্চ থেকে পা পিছলে পানিতে পড়ে যায়। তাকে উদ্ধারে তল্লাশি চলছে।”
দুর্ঘটনার কথা শুনে বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. মঈনুল ইসলামকে সঙ্গে নিয়ে তিনি ঘটনাস্থলে রয়েছেন বলেও জানান কাজী দেলোওয়ার হোসেন।
জোবায়ের গ্রামের বাড়ি গাইবান্ধার পলাশবাড়ি এলাকায়।
