ঠাকুরগাঁওয়ের দুই গ্রামে আড়াইশ ঘর ভস্মীভূত
পৃথক অগ্নিকাণ্ডে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গি উপজেলার দুটি গ্রামের আড়াইশো বাড়ি পুড়ে গেছে।
শুক্রবার দুপুর এবং সন্ধ্যায় এ দুটি আগুনের উত্পত্তিই রান্নাঘরের চুলা থেকে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
স্থানীয় জনপ্রতিনিধি এবং দমকল কর্মীদের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঠাকুরগাঁও প্রতিনিধি জানিয়েছেন, সন্ধ্যা সাতটার দিকে আগুন লেগে বালিয়াডাঙ্গির মধুপুর গ্রামের অধিকাংশ ঘরবাড়ি পুড়ে গেছে।
ভানোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুন্নবী বলেন, আগুন এখনো জ্বলছে। এখন পর্যন্ত ৭০টি পরিবারের অন্তত ২০০টি ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবু মুত্তালিব রাত ৮টার দিকে বলেন, আগুন নেভাতে কাজ করছে দমকল বাহিনী। এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করা যায়নি।
দুপুরে আগুন লাগে বালিয়াডাঙ্গির বিশ্রামপুর গ্রামে। আবু মুত্তালিব বলেন, সেখানে বারটি পরিবারের ২৯টি ঘর আগুনে পুড়ে গেছে।
‘ওই পরিবারগুলোর কোনো কিছুই রক্ষা করতে পারিনি আমরা। ঘটনাস্থলে যাওয়ার আগেই সব কিছু পুড়ে যায়।’
