লংমার্চের যাত্রা রুখতে অবস্থান চট্টগ্রামে
হেফাজতে ইসলামের ঢাকামুখী লংমার্চ প্রতিরোধে ডাকা হরতাল সফল করতে বন্দরনগরীর কয়েকটি পয়েন্টে অবস্থান নিয়েছে হরতাল আহ্বানকারীরা।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বিকাল থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নগরীর সিটি গেইটে এবং গণজাগরণ মঞ্চ নগরীর জামালখান প্রেসক্লাব চত্বরে অবস্থান করে।
সন্ধ্যায় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে হরতালের সমর্থনে মশাল মিছিল বের করা হয়।
শুক্রবার বেলা তিনটায় ঘাতক দালাল নির্মূল কমিটি, চট্টগ্রামের নেতাকর্মীরা মহাসড়কের এক পাশ বন্ধ করে অবস্থান নেয়।
শাহবাগের গণজাগরণ মঞ্চের ব্লগারদের ‘নাস্তিক’ আখ্যায়িত করে তাদের আইনের আওতায় এনে শাস্তির দাবিতে লংমার্চ করে শনিবার ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।
এর আগে বুধবার রাতে শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত ঘাতক দালাল নির্মূল কমিটি, সেক্টর কমান্ডার ফোরাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ওই হরতাল ডাকে।
তবে চট্টগ্রামে এ হরতাল দুপুর ৩টা থেকে শুরু করার ঘোষণা দেয়া হয়।
চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ বিকাল তিনটা থেকে জামালখানে অবস্থান কর্মসূচি শুরু করে। সেখানে গণসংগীত, মিছিল, শ্লোগানে লংমার্চ ঠেকানো এবং জামায়াত শিবির নিষিদ্ধের দাবি তোলা হয়।
সন্ধ্যায় বের করা হয় মশাল মিছিল। জামালখান হয়ে মিছিলটি চেরাগী পাহাড় মোড়, আন্দরকিল্লা, শহীদ মিনার এলাকা প্রদক্ষিণ করে।
হরতাল সমর্থকেরা জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধে বিভিন্ন শ্লোগান তুলে। একই সঙ্গে হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহত করতে সবাইকে অংশ নেয়ার আহ্বান জানানো হয়।
হরতালের সমর্থনে সিটি গেট এলাকায় অবস্থান করা ঘাতক দালাল নির্মূল কমিটি, “চট্টগ্রাম বিভাগীয় কাউন্সিলর শওকত বাঙ্গালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘হেফাজতে ইসলামের লংমার্চ ঠেকাতে আমাদের হরতাল চলছে। আমরা কোনো সাধারণ মানুষের সমস্যা সৃষ্টি করতে চাই না।”
তিনি জানান, চট্টগ্রাম থেকে কোনো যান নিয়ে যাতে হেফাজতের কর্মীরা যেন ঢাকার উদ্দেশে লংমার্চে যেতে না পারে সেই প্রস্তুতি নেয়া হয়েছে।
