২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে হেফাজতের ভাংচুর

টিকিট না পেয়ে ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনে দুদফা ভাংচুর চালিয়েছে হেফাজতে ইসলামের সমর্থকরা।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 01:32 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের স্টেশন মাস্টার অমৃত লাল দেবনাথ সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে হেফাজতে ইসলামের কয়েকশ সমর্থক স্টেশনে এসে ঢাকা যাওয়ার জন্য ট্রেনের টিকেটের লাইনে দাঁড়ায়।

তিনি বলেন, “একপর্যায়ে ট্রেনে আসনের টিকিট শেষ হয়ে যায়। তখন তারা আসনবিহীন টিকিট চায়। কিন্তু উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তা দিতে অপারগতা প্রকাশ করলে হেফাজতে ইসলামের কর্মীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

“তারা টিকেট কাউন্টার ও স্টেশন এলাকায় দু’দফা হামলা ও ভাংচুর চালায়।”

এ সময় সাধারণ যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তারা এদিক-ওদিক ছোটাছুটি শুরু করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান প্রত্যক্ষদর্শীরা।

এছাড়া এদিন জেলার সরাইল উপজেলা থেকে ঢাকার বাস বন্ধ থাকায় হেফাজতে ইসলামের নেতাকর্মীরা  ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাহ আলম বকাউল সাংবাদিকদের জানান, বিকেল সাড়ে ৪টা থেকে হেফাজতের নেতাকর্মীরা বাস না পেয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। সন্ধ্যা ৬টায় অবরোধ প্রত্যাহার করে তারা ফিরে যায়।