২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘পাল্টাপাল্টি কর্মসূচিতে জরুরি অবস্থা জারির পাঁয়তারা’

‘পাল্টাপাল্টি’ কর্মসূচি দিয়ে সরকার দেশে জরুরি অবস্থা জারির পায়তারা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

প্রধান রাজনৈতিক প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 11:35 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার সকালে এক মানববন্ধন কর্মসূচিতে খন্দকার মোশাররফ হোসেন এই অভিযোগ করে বলেন, “সরকার একদিকে হেফাজতে ইসলামকে সমাবেশের অনুমতি দিয়েছে, অন্যদিকে এক শ্রেণির সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের ব্যানারে হরতালের প্ররোচনা দিয়ে দেশে জরুরি আইন জারির পাঁয়তারা করছে।”

দেশে এমনিতেই রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে উল্লেখ করে তিনি বলেন, “এরমধ্যে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়ে সরকার পরিস্থিতি আরো অস্থিরতার দিকে ঠেলে দিচ্ছে। দেশে তারা বিপর্যয় সৃষ্টি করছে।”

‘নাস্তিক’ ব্লগারদের শাস্তির দাবিতে ঢাকা অভিমুখে লং মার্চ করে শনিবার মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

এদিকে হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টা হরতালের ডাক দিয়েছে। বামপন্থী দলগুলো এ হরতালে সমর্থন দিয়েছে।

এছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে শাহবাগের গণজাগরণ মঞ্চ।

দেশের বর্তমান পরিস্থিতিকে ‘সংকটজনক’ অভিহিত করে খন্দকার মোশাররফ হোসেন বলেন, “সরকার নিজেদের ব্যর্থতা ও দুর্নীতিকে আড়াল করতে নানা কলাকৌশল করে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে ধাবিত করার অপচেষ্টা করছে। গত চার বছরে তারা মানুষের কোনো সমস্যার সমাধান দিতে পারেনি। কেবল নিজেরা লুটপাট করেছে।”

এ অবস্থা থেকে উত্তরণে খালেদা জিয়ার নেতৃত্বে চলমান আন্দোলনে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।

হেফাজতে ইসলামের কর্মসূচি সম্পর্কে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, “তৌহিদি জনতাকে সঙ্গে নিয়ে সরকার পতনের সর্বাত্মক আন্দোলনে আমাদের রাস্তায় নামতে হবে। সরকারকে বলব, ক্ষমতায় থাকার জন্য গোয়ার্তুমি করে দেশকে ধবংসের দিকে ঠেলে দেবেন না।”

সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, “যত কলাকৌশলই করুন না কোনো, নির্দলীয় সরকার ব্যবস্থা পুনর্বহাল ছাড়া দেশে সৃষ্ট রাজনৈতিক সংকটের অবসান হবে না। তাই সরকারকে বলব, এখনো সময় আছে, পদত্যাগ করে নির্দলীয় সরকারের কাছে ক্ষমতা ছেড়ে দিন।”

জাতীয় প্রেস ক্লাবের সামনে কেরানীগঞ্জ মডেল থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলের যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ গত ১১ মার্চ নয়া পল্টনের কার্যালয় থেকে আটক নেতাদের মুক্তির দাবিতে এই মানববন্ধন হয়।

মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, মানবাধিকার বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন অসীম, মহিলা সংসদ সদস্য সৈয়দ আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য হেলেন জেরিন খান, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এ বি এম মোশাররফ হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।