২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেখানে বাধা সেখানেই অবস্থান: হেফাজত

লংমার্চে যেখানে ‘বাধা’ আসবে সেখানেই অবস্থান নিয়ে দবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 11:16 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার বিকেলে রাজধানীর লালবাগে জামিয়া আরাবিয়া মাদ্রাসায় হেফাজতে ইসলামের মহানগর কার্যালয়ে এ ঘোষণা দেন সংগঠনের মহাসচিব জুনায়েদ বাবুনগরী।

তিনি অভিযোগ করেন, সরকার শাহবাগের ‘নাস্তিক্যবাদীদের’ পক্ষ নিয়ে দ্বিমুখী আচরণ করছে।

“আমরা আশা করেছিলাম, সরকার আমাদের শান্তিপূর্ণ লংমার্চ কর্মসূচিতে সহযোগিতা করবে। কিন্তু আমরা দেখছি, এর উল্টোটা ঘটেছে।”

সরকার বাধা দিয়ে ‘মুনাফেকি’ আচরণ করছে বলেও অভিযোগ করেন এই হেফাজত নেতা।

কথিত ‘নাস্তিক’ ব্লগারদের শাস্তিসহ ছয় দফা দাবিতে লংমার্চ করে ঢাকায় এসে শনিবার মতিঝিলে সমাবেশ করার কথা রয়েছে চট্টগ্রামভিত্তিক হেফাজতের, যাদের বিরুদ্ধে জামায়াত ঘনিষ্ঠতার অভিযোগ রয়েছে।

হেফাজতের কর্মসূচি প্রতিহতের ডাক দিয়ে সেক্টর কমান্ডারস ফোরাম, ঘাতক-দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও ২৫টি সামাজিক-সাংস্কৃতিক-পেশাজীবী সংগঠন শুক্রবার সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার হরতাল পালন করছে। বামপন্থী দলগুলোর এ হরতালে সমর্থন রয়েছে।

এছাড়া গণজাগরণ মঞ্চ শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে শনিবার বিকাল ৪টা পর্যন্ত সড়ক, নৌ ও রেলপথ অবরোধের ঘোষণা দিয়েছে।

হেফজতের নায়েবে আমির নূর হোসেন কাশেমী সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, ‘সরকারের ইঙ্গিতেই’ এ হরতাল ডাকা হয়েছে।

তিনি দেশের ‘তৌহিদী জনতাকে’ সকাল ১০টায় মতিঝিলের সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানান এবং শনিবারের হরতাল প্রত্যাহারের দাবি জানান।

“আমরা বলব, আপনারা হরতাল প্রত্যাহার করুন। তা না হলে আমরা আরো কঠোর কর্মসুচি দিতে বাধ্য হব।”

লংমার্চের জন্য গাড়ি দিতে পরিবহন মালিকদের কাছে দাবি জানান মহাসচিব জুনায়েদ বাবুনগরী।

তিনি হুমকি দেন, হেফাজতের এই কর্মসূচিতে যারা গাড়ি দেবেন না, ভবিষ্যতে তাদের গাড়ি আর সড়কে চলতে দেয়া হবে না।

জুনাইদ বাবুনগরীর অভিযোগ করেন, তাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। লঞ্চ থেকে নামিয়ে দেওয়া হচ্ছে।

“যত বাধাই আসুক, লংমার্চ হবেই। সরকার অনুমুতি দিয়ে আবার আমাদেরকে বাধা দিচ্ছে। সরকারের এ ধরনের দ্বিমুখী নীতি ইসলামে একে মুনাফেকী বলে। এ মুনাফেকির জবাব আগামী নির্বাচনে জনগণই দেবে।”

হেফাজতের মহাসচিব বলেন, “‍শুক্রবার-শনিবার ও রাতে আমরা কোনো দিন হরতাল দেখিনি। সরকার তাদেরকে সহযোগতা করছে।”

শনিবারের লংমার্চের পরে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি।