২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড, তদন্ত কমিটি

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 10:51 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা আব্দুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে কার্গো ভিলেজের কুরিয়ার সার্ভিস অংশে একটি গুদামে আগুনের সূত্রপাত হয়।

অগ্নি নির্বাপক বাহিনীর ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে ফায়ারম্যান জিয়াউদ্দিন জানান।

অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস সদর দপ্তরের উপ-পরিচালক অরূপ চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পাঁচ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান।

কার্গো ভিলেজে এ অগ্নিকাণ্ডের কারণে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠানামায় কোনো বিঘ্ন ঘটেনি বলে কর্মকর্তারা জানান।

বিমানবন্দরের জাকির হোসেন জানান, বিদেশ থেকে বিভিন্ন কুরিয়ার সাভির্সের মাধ্যমে আসা পার্সেল ও ডকুমেন্ট কার্গো ভিলেজের এই গুদামে রাখা হয়।

“একতলা গুদামে স্থান সঙ্কুলান না হওয়ায় দোতলা করার কাজ শুরু হয়েছে। সেজন্য এক পাশে ওয়েল্ডিং চলছিল। সেখান থেকেই আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”

অবশ্য ফায়ার ব্রিগেড কর্মীরা বলছেন, তদন্ত শেষ না করে আগুনের কারণ সম্পর্কে নিশ্চিত করে কিছু বলা কঠিন। 

কুরিয়ার সার্ভিস ইউনাইটেড পোস্টের কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, “সাধারণত শুক্রবার এই গুদামে কার্গো রাখার পর শনিবার থেকে সেগুলো ডেলিভারি দেয়া শুরু হয়। কিন্তু আগুনে আমাদের বেশিরভাগ কুরিয়ার নষ্ট হয়ে গেছে।    

ফায়ারম্যান জিয়াউদ্দিন জানান, আগুনে কেউ হতাহত হননি। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্যও তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

এদিকে অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল পরিদর্শনে আসেন বেসামরিক বিমান চলাচল ও পর‌্যটনমন্ত্রী ফারুক খান।

তিনি সাংবাদিকদের বলেন, আগুন লাগার কারণ জানতে সিভিল এভিয়েশনের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি খুব দ্রুত রিপোর্ট দেবে।

একইসঙ্গে কার্গো ও সব গুদামের নিরাপত্তা নিশ্চিত করতেও বলা হয়েছে বলে জানান তিনি।

মন্ত্রী জানান, একটি কোম্পানির গুদামে ওয়েলডিংয়ের কাজ চলার সময় আগুন লাগতে পারে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তদন্তের পর সুনির্দিষ্ট কারণ বলা যাচ্ছে না।

বিমানবন্দরে পণ্য খালাসের কাজের সঙ্গে ৪০টি কোম্পানি সম্পৃক্ত রয়েছে। এরমধ্যে টিঅ্যান্ডটি এক্সপ্রেস নামের একটি বহুজাতিক কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের গুদামে আগুন লাগে।

ওই কোম্পানির বাংলাদেশের ন্যাশনাল অপারেশন বিভাগের প্রধান শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগুনে আমাদের গুদামের সব মালামাল পুড়ে গেছে। এ বিষয়ে সরকারের কাছে কোন ক্ষতিপূরণ চাওয়া হবে কি না তা আমরা আলোচনা করে ঠিক করবো।”