২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরীক্ষা দেয়া হল না উত্তমের

পরীক্ষা দিতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী।

মৌলভীবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2013, 10:04 AM

Updated : 23 Aug 2022, 10:30 AM

শুক্রবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সদর ইউনিয়নের নোয়াগাঁও গ্রাম এলাকায় সিএনজিচালিত আটোরিকশা ও পিকআপ ভ্যানের মধ্যে এ সংঘর্ষ হয়।

এতে পরীক্ষার্থী উত্তম কুমার পাল (১৮) ঘটনাস্থলেই নিহত হন।

উত্তম উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর গ্রামের সমরেন্দ্র পালের ছেলে। তিনি ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্র।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে এবারে এসএসসি পরীক্ষা দিচ্ছিলেন উত্তম। শুক্রবার ছিল অংক পরীক্ষা।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, উত্তম সকালে বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় করে শ্রীমঙ্গলের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিলেন। পথে রাবার অফিসের সামনে আটোরিকশাটির সঙ্গে বিপরীতমুখী একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই উত্তম মারা যান। আহত হন অটোরিকশার অপর যাত্রী সঙ্গী মুনিম আহমদ (৩৪)।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আটোরিকশা ও পিকআপ ভ্যান আটক করে থানায় রাখা হয়েছে। চালকেরা পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে এসআই জাহাঙ্গীর জানান।