মেডিকেল ভর্তির পদ্ধতি জানা যাবে আগামী সপ্তাহে
মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে ভর্তি পরীক্ষার পদ্ধতি আগামী সপ্তাহে নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আফম রুহুল হক।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী সপ্তাহে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পদ্ধতি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকের পর তা নির্ধারণ করা হবে।
গতবছর মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষা বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছিল সরকার। তবে সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপে ওই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার।
সোমবার সারাদেশে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার ফলাফল প্রকাশের পরেই মেডিকেল ও ডেন্টাল কলেজ ভর্তি প্রক্রিয়া শুরুর কথা রয়েছে।
বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন
‘রক্তচাপ নিয়ন্ত্রণে যার, নিরাপদ জীবন তার’ স্লোগান নিয়ে এবার বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
দিবসটি উদ্যাপন উপলক্ষে জাতীয়, জেলা ও উপজেলা পর্যায়ে উদ্যেগ নেয়া হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওসমানী স্মৃতি মিলনায়তনে দিবসের উদ্বোধনী অনুষ্ঠান, সেমিনার, উচ্চ রক্তচাপ বিষয়ক স্বাস্থশিক্ষা প্রদর্শনী ও ক্রোড়পত্র প্রকাশসহ নানা কর্মসূচি হাতে নেয়া হয়েছে।
দেশের ২৫ বছরের ঊর্ধ্বে এক বিশাল জনগোষ্ঠী উচ্চ রক্তচাপজনিত নীরব ঘাতক ব্যাধির শিকার জানিয়ে মন্ত্রী বলেন, এব্যাধি নিরাময়ে সচেতনতামূলক প্রচারণাসহ বিভিন্ন উদ্যোগ চালিয়ে যাচ্ছে সরকার।
এছাড়া ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ার পর শিশুদের অসুস্থতা নিয়ে অপপ্রচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি আগামী সপ্তাহে প্রতিবেদন জমা দেবে বলেও জানান মন্ত্রী ।
