সাহসী ভূমিকার জন্য ৩ জনকে আরএমপি’র সংবর্ধনা
শিবির ক্যাডারদের হামলায় গুরুতর আহত পুলিশ কর্মকর্তা জাহাঙ্গীর আলমকে উদ্ধারে মানবিক ও সাহসী ভূমিকা রাখায় ঝর্ণা বেগমসহ তিনজনকে সংবর্ধনা দিয়েছে রাজশাহী মহানগর পুলিশ।
দৈনিক কালের কণ্ঠের রাজশাহী ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার রফিকুল ইসলাম, এটিএন নিউজের ক্যামেরাম্যান মাহফুজুর রহমান রুবেল ও ঝর্না বেগমকে বৃহস্পতিবার বিকালে আরএমপি সদরদপ্তরে এ সংবর্ধনা দেয়া হয়।
সোমবার রাজশাহী নগরীর শালবাগান এলাকায় অার্মড পুলিশের এসআই জাহাঙ্গীর আলমকে রাস্তায় ফেলে হেলমেট ও ইট দিয়ে তার মাথা থেঁতলে দেয় শিবির ক্যাডাররা।
সংবর্ধনা অনুষ্ঠানে মহানগর পুলিশ কমিশনার এসএম মনির-উজ-জামান সকল ভয়ভীতিকে উপেক্ষা করে ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধারের জন্য ঝর্ণা বেগমসহ এই তিনজনের প্রতি কৃতজ্ঞতা জানান।
পুলিশ কমিশনার বলেন, “তারা তিনজনই দেশ ও জাতীর প্রয়োজনে মানবিকতার ডাকে সাড়া দিয়ে পুলিশ কর্মকর্তাকে উদ্ধারে এগিয়ে আসায় পুলিশ বিভাগ তাদের স্বরণ রাখবে।”
পুলিশের পক্ষ থেকে পাওয়া সম্মাননা ক্রেস্টটি রফিকুল ইসলাম দেশের সাংবাদিকদের প্রতি উৎসর্গ করেছেন। এ সময় তিনি তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন, “মানবতার তাড়নায় এগিয়ে যেতে সাংবাদিকতা আমাকে সাহস জুগিয়েছে। বর্বর হামলার শিকার একজন মুমূর্ষু পুলিশ কর্মকর্তার পাশে সাংবাদিক হয়ে প্রথমেই এগিয়ে যেতে পেরেছি এটাই আমার কাছে বড় পাওয়া। সাংবাদিকরা দেশ ও জাতির প্রয়োজনে এগিয়ে আসবে এটাই আমার কাম্য।”
সাংবাদিক রুবেল বলেন, “সাংবাদিক রফিক ভাই এগিয়ে না গেলে কেউ হয়তো ওই পুলিশ কর্মকর্তাকে উদ্ধারে এগিয়ে আসতো না। কারণ ওই সময় সবাই তাকিয়ে দেখছিল শিবিরের দানবীয়তা। এই অবস্থায় একজনকে এগিয়ে আসাটা ছিল সাহসের বিষয়। সেই সাহসী কাজটাই প্রথমে করেছেন রফিক ভাই। এরপর আমরা গিয়ে তাকে সহযোগিতা করে আহত পুলিশ কর্মকর্তাকে উদ্ধারের ব্যবস্থা করি।”
ঝর্না বেগম তার প্রতিক্রিয়ায় বলেন, “নিজ সন্তানকে খুঁজতে গিয়ে আহত পুলিশ সদস্যকে উদ্ধারে ছুটে যাই। এটিই আমার কাছে বড় পাওয়া।”
অনুষ্ঠানে রাজশাহীর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, ফটোগ্রাফারসহ নগরীর উপ-পুলিশ কমিশনার (পূর্ব) তানভির হায়দার চৌধূরী, উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) শেখ গোলাম মাহমুদসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গত ১ এপ্রিল নগরীর শালবাগান এলাকায় শিবিরের মিছিল থেকে হাতবোমার বিস্ফোরণ ঘটানোর পর অার্মড পুলিশের এসআই জাহাঙ্গীর আলমকে উদ্ধারে প্রথমে এগিয়ে আসেন এই দুই সাংবাদিক ও এক নারী।
