২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের সমর্থনে চট্টগ্রামে মশাল মিছিল

সেক্টর কমান্ডার্স ফোরামসহ ২৫ সংগঠনের ডাকা হরতালের সমর্থনে বন্দরনগরীতে মশাল মিছিল করেছে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম,

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Apr 2013, 03:49 PM

Updated : 23 Aug 2022, 10:30 AM

বৃহস্পতিবার রাতে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মশাল মিছিলটি বের হয়।

হেফাজতে ইসলামের লংমার্চ প্রতিহত এবং জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের দাবিতে শুক্রবার সারা দেশে সন্ধ্যা ৬টা থেকে শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টার হরতালের ডাক দিয়েছে সেক্টর কমান্ডার্স ফোরাম, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ ২৫টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।

মশাল মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। শহীদ মিনার থেকে শুরু হয়ে মিছিলটি আন্দরকিল্লা হয়ে চেরাগী পাহাড় মোড়ে গিয়ে শেষ হয়।

পরে গণ জাগরণ মঞ্চ, চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করার জন্য হেফাজতে ইসলাম জামায়াতের এজেন্ডা বাস্তবায়ন করছে।

তিনি হরতাল চলাকালে শুক্রবার বিকাল তিনটা থেকে পরদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত গণজাগরণ মঞ্চে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন।  মুক্তিযুদ্ধের সপক্ষের সব শক্তিকে হরতাল সফল করারও আহবান জানান শরীফ চৌহান।

এদিকে সেক্টর কমান্ডার্স ফোরামসহ ২৫ সংগঠনের ডাকা হরতালে সমর্থন দিয়েছে সাম্প্রদায়িকতা বিরোধী তরুণ উদ্যোগ, চট্টগ্রাম।

সংগঠনের এক বিবৃতিতে চট্টগ্রামের সর্বস্তরের মানুষকে শুক্র ও শনিবারের হরতাল সফল করার আহবান জানানো হয়।