‘হুমায়ূনকে নিয়ে লেখা বইয়ে বিভ্রান্তিকর তথ্য’
গত বইমেলায় জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে নিয়ে প্রকাশিত ‘হুমায়ূন আহমেদের শেষ দিনগুলো’ বইয়ে অসত্য তথ্য পরিবেশনের অভিযোগ উঠেছে।
এর প্রতিবাদ জানিয়ে একটি বিবৃতি দিয়েছেন দেশের শীর্ষস্থানীয় লেখক-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীরা।
বিবৃতিতে বলা হয়, “বিশ্বজিৎ সাহা রচিত বইটিতে প্রয়াত হুমায়ূন আহমেদ ও তার পরিবার সম্পর্কে কিছু বিভ্রান্তিকর ও অসত্য তথ্য উপস্থাপন করা হয়েছে। জুড়ে দেয়া হয়েছে লেখকের মৃত্যু পরবর্তী সময়ে নিউইয়র্কের কোনো কোনো পত্রিকার নোংরা লেখালেখি ও ব্যক্তিগত কুৎসা রটানো, যেগুলোতে সত্যের লেশমাত্র ছিল না। হলুদ সাংবাদিকতার সেইসব নমুনাও তাতে উপস্থাপন করা হয়েছে।”
এই ধরনের গ্রন্থ প্রকাশ বাংলা সাহিত্যের জনপ্রিয় এই লেখকের প্রতি ‘চরম অশ্রদ্ধা ও অবমাননার সামিল’ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, “এর মধ্য দিয়ে লেখকের পরিবারকেও হেয় প্রতিপন্ন করা হয়েছে বলে আমরা মনে করি।আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি ও ক্ষোভ প্রকাশ করছি।”
বিবৃতি দাতাদের মধ্যে রয়েছেন- অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, সৈয়দ শামসুল হক, আ আ ম স আরেফিন সিদ্দিক, হায়াৎ মামুদ, রাবেয়া খাতুন, গোলাম মুরশিদ, গোলাম সারওয়ার, শামসুজ্জামান খান, সেলিনা হোসেন, আসাদুজ্জামান নূর, নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু, রাশেদা কে চৌধুরী, জ্যোতিপ্রকাশ দত্ত, সৈয়দ মনজুরুল ইসলাম, আনোয়ারা সৈয়দ হক, পূরবী বসু, ফরিদুর রেজা সাগর, ইমদাদুল হক মিলন, জুয়েল আইচ ও ফেরদৌসী প্রিয়ভাষিনী।
বইটি থেকে ‘আপত্তিকর অংশগুলো ও অসত্য তথ্য’ বাদ দেওয়ার জন্য বইটির লেখক বিশ্বজিৎ সাহার প্রতি আহ্বান জানান তারা।
অন্যপ্রকাশের স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম জানান, গত বইমেলায় প্রকাশনা সংস্থা ‘বাংলা প্রকাশ’ বইটি বাজারে আনে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “নিউইয়র্কে চিকিৎসাকালীন ওখানকার কিছু পত্র-পত্রিকায় হুমায়ূন আহমেদকে নিয়ে যেসব নোংরা লেখালেখি ও কুৎসা রটানো হচ্ছিল তার বিরুদ্ধে তখনই দেশের ১৭ জন বিশিষ্ট নাগরিক একটি বিবৃতি দিয়েছিলেন। তারপর ওগুলো বন্ধও হয়ে গিয়েছিল।এর পরেও বিশ্বজিৎ সাহা কিভাবে সেগুলো তার বইয়ের পাতায় তুলে আনলেন সেটা আমার বোধগম্য হচ্ছে না।”
