২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে ভিজিডির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

ফরিদপুরের মধুখালী উপজেলায় ভিজিডি’র চাল বিতরণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2013, 05:45 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

এলাকাবাসীর অভিযোগ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শফিক বুধবার বিকেলে কামারখালী ইউনিয়ন পরিষদের চাল সংরক্ষণের কক্ষটি সিলগালা করে দেন।

এলাকাবাসী জানান, কামারখালী ইউনিয়নে মোট ভিজিডি কার্ডধারী ১৪৯ দুঃস্থকে তিন মাসের জন্য প্রায় ১০ হাজার ৯০২ কেজি চাল বরাদ্দ দেয়া হয়। সেই চাল ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান মঙ্গলবার উত্তোলন করে কার্ডধারীদের মধ্যে বিতরণ করেন।

বিতরণের পর ২৯ বস্তা চাল (১ হাজার ৪৫০ কেজি) অবশিষ্ট থেকে যায়, যা চেয়ারম্যান ইউপি কার্যালয়ের একটি কক্ষে রাখেন। অতিরিক্ত চাল কার্যালয়ে রাখায় এতে স্থানীয় লোকজনের  সন্দেহ হলে তারা ঘটনাটি  উপজেলা প্রশাসনকে জানায় বলে জানান ইউএনও এস এম শফিক।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভিজিডি চাল বিতরণের মাস্টাররোল জব্দ করা হয়েছে। চাল রাখা কক্ষটি সিলগালা করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

ইউপি চেয়ারম্যান মো. লুৎফর রহমান সাংবাদিকদের জানান, নির্ধারিত দিনে ২১ জনের চাল দেওয়া সম্ভব হয়নি, সেই চালই ইউপি কার্যালয়ের কক্ষে মজুদ ছিল।

এ ব্যাপারে কামারখালী ইউনিয়নে ভিজিডির তদারক কর্মকর্তা ও উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, লক্ষী নারায়ণপুর স্কুলে নির্বাচন থাকায় চাল বিতরণের সময় তিনি উপস্থিত থাকতে পারেননি।

ভিজিডি কার্ডধারী একাধিক ব্যক্তি জানান, প্রতি কার্ডধারীকে প্রতি মাসে ২৪.৩৯ কেজি হারে তিন মাসে ৭৩.১৭ কেজি চাল দেওয়ার কথা থাকলেও দেয়া হয়েছে ৬০ কেজি করে।