তূর্ণায় নাশকতা: মামলায় আসামি ১৬৮
কুমিল্লায় রেললাইনে ফিসপ্লেট উঠিয়ে নাশকতার অভিযোগে মামলা করেছে রেলওয়ে নিরাপত্তা বিভাগ।
লাকসামে কর্মরত রেলওয়ে নিরাপত্তা বাহিনীর উপ-পরিদর্শক (এসআই) শাহাবুদ্দিন বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় এ মামলা দায়ের করেন।
এতে ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরো ১২০ জকনে আসামি করা হয় বলে পুলিশ জানিয়েছে।
লাকসাম রেলওয়ে থানার ওসি সুভাষ কান্তি দাশ বলেন, ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে করা এ মামলায় ১৮ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মঙ্গলবার বিকাল ও রাতে এদের গ্রেপ্তার করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ও কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আবুল খায়ের বলেন, মামলায় এ দুর্ঘটনায় রেলওয়ের ছয় কোটি টাকার ক্ষতি এবং ৩০/৩৫ জন যাত্রী আহত হয়েছে বলে দাবি করা হয়।
হরতালের মধ্যে রেল লাইনের ফিসপ্লেট তুলে ফেলায় মঙ্গলবার ভোর পৌনে ৫টার দিকে কুমিল্লা বিশ্বরোড পদুয়ারবাজার রেল ক্রসিংয়ে আন্তঃনগর তূর্ণা নিশীথা দুর্ঘটনায় পড়ে।এর ১৫ ঘণ্টা পর লাইন পুনস্থাপন করা হয়।
